কংগ্রেস ও কেজরিওয়াল পাকিস্তানের ভাষায় কথা বলে: যোগী আদিত্যনাথ
-
যোগী আদিত্যনাথ
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি’র ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথ বলেছেন, কংগ্রেস ও অরবিন্দ কেজরিওয়াল (দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান) একই। উভয়েই পাকিস্তানের ভাষায় কথা বলে। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে গতকাল (শনিবার) তিনি দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
যোগী আদিত্যনাথ বলেন, ‘কংগ্রেস যদি সন্ত্রাসীদের বিরিয়ানি খাওয়ায়, তাহলে কেজরিওয়াল শাহীনবাগের মতো কর্মসূচি স্পনসর করে। অযোধ্যাতে ভগবান শ্রী রামের মন্দির তৈরি হওয়া রোধ করার জন্য কংগ্রেস প্রচুর প্রচেষ্টা করেছিল। কেজরিওয়াল চান- নির্ভয়ার অপরাধীদের ফাঁসি না দেওয়া হোক। এজন্য তাদের লোকেরা সুপ্রিম কোর্টে পর্যন্ত তদবির করছে।’
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেন, ‘সংশোধিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে হওয়া আন্দোলন 'এক ভারত ও শ্রেষ্ঠ ভারত'-এর বিরোধী। এর যতই নিন্দা করা হোক তা কম হবে। দিল্লির লোকেরা শাহীনবাগ নয়, তাঁরা ভালো সড়ক, মেট্রো, দ্রুত রেল, খাঁটি এবং সমৃদ্ধ পানি, উন্নত পরিবেশ চায়। এসকল কাজ কেবলমাত্র বিজেপিই করতে পারে। সুতরাং, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। কেজরিওয়ালের সমস্ত অর্থ শাহীনবাগের মতো ইভেন্টে ব্যয় হয়।’
দিল্লির শাহীনবাগে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিগত ৪৫ দিনের বেশি সময় ধরে মুসলিম নারীরা একনাগাড়ে ধর্না-অবস্থানে রয়েছেন। তাঁদেরকে সমর্থন জানিয়েছেন বহু রাজনৈতিক নেতৃত্ব, মানবাধিকার কর্মী, সমাজকর্মী ও সুশীল সমাজের মানুষজন।
যোগী আদিত্যনাথ জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণ, রাম মন্দির নির্মাণ, সন্ত্রাসবাদ, পাকিস্তান ইত্যাদি ইস্যুতে সরকারি পদক্ষেপ গ্রহণের প্রশংসা করার পাশাপাশি এসব ইস্যুতে বিরোধীদের বিশেষ করে আম আদমি পার্টি ও কংগ্রেসের ভূমিকার সমালোচনায় সোচ্চার হন। দিল্লিতে আগামী ৮ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হবে। তার আগে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগী আদিত্যনাথকে মেরুকরণের লক্ষ্যে নির্বাচনি ময়দানে নামানো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দিল্লিতে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন এলাকায় যোগী আদিত্যনাথকে দিয়ে সমাবেশ করাবে বিজেপি।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।