উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে ‘মনোরোগী’ বললেন আপ নেতা সঞ্জয় সিং
-
আপ নেতা সঞ্জয় সিং
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি’র ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথকে ‘মনোরোগী’ বলে কটাক্ষ করেছেন আম আদমি পার্টির (আপ) নেতা ও সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং। তিনি আদিত্যনাথকে দিল্লিতে বিনামূল্যে চিকিৎসা করানোর প্রস্তাবও দিয়েছেন। আজ (সোমবার) তাঁর ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে পাকিস্তানের সংযোগ থাকার অভিযোগ প্রসঙ্গে সঞ্জয় সিং বলেন, দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন বিবৃতি দেওয়ার অভিযোগে যোগী আদিত্যনাথকে জেলে পাঠানো উচিত। গতকাল (রোববার) যোগী আদিত্যনাথ দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে পাকিস্তান যোগের কথা বলেছেন বলে আম আদমি পার্টির অভিযোগ।
অন্যদিকে, সম্প্রতি বিজেপি এমপি পরবেশ বর্মা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সন্ত্রাসী বলে অভিহিত করেছেন।
এ ব্যাপারে আজ ‘আপ’ নেতা সঞ্জয় সিং বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল যদি সন্ত্রাসী হন তাঁকে গ্রেফতার করা উচিত। তিনি বলেন, ‘আমাদের দেশের রাজধানীতে যেখানে কেন্দ্রীয় সরকার বসে আছে, নির্বাচন কমিশন উপস্থিত আছে সেখানেই এসব ঘটছে! একজন কেন্দ্রীয় মন্ত্রীকে কীভাবে এজাতীয় বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। অরবিন্দ কেজরিওয়াল যদি সন্ত্রাসী হন, তবে আমি তাকে গ্রেফতারের জন্য বিজেপিকে চ্যালেঞ্জ জানাচ্ছি।’
এরপরেই আজ (সোমবার) কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর বলেছেন, কেজরিওয়ালের সন্ত্রাসী হওয়ার অনেক প্রমাণ আছে। তাঁর দাবি, কেজরিওয়াল নিজেই বলেছিলেন যে তিনি নৈরাজ্যবাদী। নৈরাজ্যবাদী ও সন্ত্রাসীর মধ্যে খুববেশি পার্থক্য নেই।
দিল্লিতে আগামী ৮ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন। ফল ঘোষণা হবে ১১ ফেব্রুয়ারি। তার আগে দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির নেতাদের সঙ্গে বিজেপি নেতাদের তুমুল বাকযুদ্ধ শুরু হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।