দিল্লিতে মুখ্যমন্ত্রী হওয়ার মতো যোগ্য বিজেপিতে কেউ নেই: কেজরিওয়াল
https://parstoday.ir/bn/news/india-i77255-দিল্লিতে_মুখ্যমন্ত্রী_হওয়ার_মতো_যোগ্য_বিজেপিতে_কেউ_নেই_কেজরিওয়াল
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লিতে বিজেপি’র মুখ্যমন্ত্রী হওয়ার মতো যোগ্য কেউ নেই। আজ (বৃহস্পতিবার) সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন হবে। আজই ছিল নির্বাচনি প্রচারের শেষ দিন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ১৫:৪৬ Asia/Dhaka
  • অরবিন্দ কেজরিওয়াল
    অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লিতে বিজেপি’র মুখ্যমন্ত্রী হওয়ার মতো যোগ্য কেউ নেই। আজ (বৃহস্পতিবার) সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন হবে। আজই ছিল নির্বাচনি প্রচারের শেষ দিন।

তিনি বলেন, ‘বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি। এ থেকেই স্পষ্ট যে, ওদের কাছে দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য কেউ নেই। বিজেপি নিজেও মনে করে তাঁদের কাছে মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য কেউ নেই।’

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সমস্ত বিষয়ে বিতর্কে বসতে আহ্বান জানিয়ে বলেন, আমি সমস্ত ইস্যুতে ওনার সঙ্গে বিতর্ক করতে প্রস্তুত। উনি শাহীনবাগ-শাহীনবাগ করছেন, ওই ইস্যুতেও আমি তাঁর সঙ্গে আলোচনায় বসতে তৈরি আছি। কিন্তু অমিত শাহ বিতর্কে যেতে চাচ্ছেন না।’

কেজরিওয়াল অমিত শাহকে কটাক্ষ করে বলেন, ‘সাচ্চা হিন্দু বাহাদুর হয়। ময়দান ছেড়ে পালিয়ে যায় না। এভাবে ময়দান ছেড়ে পালিয়ে যাওয়া অমিত শাহ'র জন্য শোভনীয় নয়। উনি মানুষের মধ্যে আসতে এবং তাঁদের প্রশ্নের জবাব দিতে প্রস্তুত নন। অন্য দলের সঙ্গে বিতর্কে বসতে চাচ্ছেন না। এটা খুব দুঃখজনক ঘটনা।’

কেজরিওয়াল আজ বলেন, ‘বিজেপি বিধানসভা নির্বাচনকে মেরুকরণের চেষ্টা করেছে। কিন্তু এবার ফলাফল বলবে যে তারা এতে সফল হয়েছে কি না।’

তিনি বলেন, ‘আম আদমি ভোটাররা ভোটাররা হল তাঁরাই যারা ভালো শিক্ষা, চিকিৎসা সুবিধা, আধুনিক রাস্তা, ২৪ ঘন্টা বিদ্যুৎ চান।'

দিল্লির শাহীনবাগে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে চলমান প্রতিবাদ প্রসঙ্গে কেজরিওয়ালের অভিযোগ, দিল্লি বিধানসভা নির্বাচনের কারণে বিজেপি এখানে সড়ক খালি করেনি।

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কে সড়ক মুক্ত করতে বাধা দিচ্ছে? সড়ক অবরুদ্ধ রেখে অমিত শাহের গোপন স্বার্থ কী? কেন তিনি দিল্লির জনগণকে বিরক্ত করতে এবং বিক্ষোভ নিয়ে খারাপ রাজনীতি করতে চান? '

দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির সঙ্গে বিজেপি’র মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। কংগ্রেস এক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।