বিজেপি’র জনপ্রিয়তা কমছে, দিল্লিতে গেরুয়া দল পরাজিত হবে: তরুণ গগৈ
-
তরুণ গগৈ
ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা তরুণ গগৈ বলেছেন, বিজেপির জনপ্রিয়তা এখন কমছে এবং দিল্লিতেও ‘গেরুয়া’ দল পরাজিত হবে। গতকাল (শনিবার) দিল্লি বিধানসভা নির্বাচনের সাম্ভাব্য ফল প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেন। শনিবার দিল্লিতে বিধানসভা নির্বাচন হয়। আগামী (মঙ্গলবার) ফল ঘোষণা হবে।
অসমের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন, ‘কোনও সভা বা সমাবেশে বিশাল জনসমাগমের অর্থ এটা নয় যে, জনগণ সেই দলকে সমর্থন করেছে। বিজেপি দিল্লিতে তার নির্বাচনি সমাবেশে বিপুল সংখ্যক লোককে একত্রিত করতে সক্ষম হয়েছে কিন্তু দলটি আবারও পরাজিত হবে। লোকেরা বক্তৃতায় নয়, কাজের ওপরে ভোট দেবে। ওদের সভাগুলোতে প্রচুর ভিড় ছিল, তবে এখন ওদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল এটি প্রমাণ করবে।’
তরুণ গগৈ আরও বলেন, ‘বিজেপি ঝাড়খণ্ড, হরিয়ানা ও মহারাষ্ট্রে পরাজিত হয়েছে। তাদের উপর থেকে জনগণের আস্থা কমে যাচ্ছে। তারা কেবল ভিড় জুটিয়ে তাদের জনপ্রিয়তা দেখানোর চেষ্টা করছেন।’
গত (শুক্রবার) অসমের কোকরাঝাড়ে অনুষ্ঠিত বোড়োশান্তি চুক্তি উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার প্রতিক্রিয়া ব্যক্ত করে তরুণ গগৈ বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি কেবল একটি নাটক করেছেন। অসমের লোকেরা বোকা নয়। আমরা জানি অসমের প্রতি ওদের কতটা সহানুভূতি রয়েছে। আসলে ওদের সহানুভূতি নয়, কেবল কুমিরের কান্না। সেদিন প্রধানমন্ত্রী মোদি দেখানোর চেষ্টা করেছিলেন যে চুক্তি সইয়ের পরে বোড়োল্যান্ডে শান্তি এসেছে।’
তিনি বলেন, ‘এটা সকলেই জানেন যে, বোড়োল্যান্ডে শান্তির পরিবেশটি তখন এসেছিল যখন আমরা ২০০৩ সালে বোড়ো লিবারেশন টাইগার্স (বিএলটি)-এর সাথে একটি চুক্তি সই করি এবং সেই সময় থেকেই সেখানে উন্নয়ন শুরু হয়েছিল।’
বর্তমান চুক্তিটি কেবল সীমাবদ্ধ গোষ্ঠীগুলোর সাথে সই করা হয়েছে বলেও সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মন্তব্য করেন।
অন্যদিকে, বহুলালোচিত বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রসঙ্গে তিনি বলেন, ‘কোকরাঝাড়ে বোড়ো চুক্তির বিজয় উৎসবে দাঁড়িয়ে মোদি বলেছেন, তাঁর আমলেই উত্তর-পূর্বাঞ্চলে শান্তি ফিরেছে। প্রগতি ধারার সূচনা হয়েছে। এটা প্রধানমন্ত্রীর ডাহা মিথ্যা। নাগরিকত্ব সংশোধনী আইন এনে অসমে যে অশান্তির পরিবেশ সৃষ্টি করেছেন, সেখানে তিনি শান্তি আনবেন কীভাবে? অশান্তির আগুন নেভানোর পরিবর্তে প্রধানমন্ত্রী অসমের জনগণকে অপমান করেছেন। অসমের মানুষদের ‘সিএএ’ বিরোধী প্রতিবাদকে অবজ্ঞা করেছেন। অসমে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করলেই তাঁকে ‘দেশদ্রোহী’ বলা হচ্ছে কিংবা দেশদ্রোহী সাজিয়ে প্রতিবাদকারীকে কারারুদ্ধ করা হচ্ছে। এসব করে তাঁরা অসমিয়া জাতির প্রতি চরম অপমান করছেন।’
গত (শুক্রবার) অসমের বোড়ো অধ্যুষিত শহর কোকরাঝাড়ে বোড়ো চুক্তি সই উদযাপন অনুষ্ঠানে এক জনসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘এবার অসম ও উত্তর-পূর্ব ভারতে স্থায়ী শান্তি ফিরবে’ বলে মন্তব্য করেছিলেন। কিন্তু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তাঁর ওই দাবি উড়িয়ে দিয়ে ‘সিএএ’ ইস্যুতে রাজ্যে অশান্তির আগুন নেভানোর পরিবর্তে প্রধানমন্ত্রী অসমের জনগণকে অপমান করেছেন বলে মন্তব্য করেছেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।