১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠানো উচিত ছিল: গিরিরাজ সিং
https://parstoday.ir/bn/news/india-i77647-১৯৪৭_সালেই_মুসলিমদের_পাকিস্তানে_পাঠানো_উচিত_ছিল_গিরিরাজ_সিং
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি’র ফায়ারব্রান্ড নেতা গিরিরাজ সিং ১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠানো উচিত ছিল বলে বিতর্কিত মন্তব্য করেছেন। আজ (শুক্রবার) গণমাধ্যমে তাঁর ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০২০ ১৬:৫১ Asia/Dhaka
  • গিরিরাজ সিং
    গিরিরাজ সিং

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি’র ফায়ারব্রান্ড নেতা গিরিরাজ সিং ১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠানো উচিত ছিল বলে বিতর্কিত মন্তব্য করেছেন। আজ (শুক্রবার) গণমাধ্যমে তাঁর ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।

গতকাল (বৃহস্পতিবার) বিহারের পূর্ণিয়ায় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে গিরিরাজ সিং বলেন, ‘১৯৪৭ সালে সমস্ত মুসলিমকে যদি পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হতো এবং হিন্দুদের এদেশে আনা হতো, তাহলে আজ এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না আমাদের।’

তিনি বলেন, ‘‌জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সময় এসেছে। ১৯৪৭ সালের আগে মুহম্মদ আলী জিন্নাহ একটি মুসলিম জাতির পক্ষে এগিয়ে এসেছিলেন। আমাদের পূর্বপুরুষরা একটি বড় ভুল করে ফেলেছেন। যার মূল্য আমাদের দিতে হচ্ছে। যদি ভারতবাসীরাই এদেশে আশ্রয় না পান, তা হলে তাঁরা কোথায় যাবেন?’ গিরিরাজ সিংয়ের এসংক্রান্ত একটি ভিডিও গণমাধ্যমে কার্যত ভাইরাল হয়ে উঠেছে।

সহকারী অধ্যাপক আবদুল মাতীন

এ প্রসঙ্গে আজ (শুক্রবার) ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতার ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মাতীন রেডিও তেহরানকে বলেন, ‘এটা তো গিরিরাজ সিংয়ের ব্যক্তিগত মন্তব্য নয়। এটা ওদের একটা মতাদর্শগত বক্তব্য। এর চেয়ে এদের কাছ থেকে খুব বেশি আশা করাও ঠিক নয়। সেজন্য স্বাভাবিকভাবে এটা ওঁরা করবেই। এখন প্রশ্ন হচ্ছে যে ওঁরা যখন সংসদে এমপি হয়ে এসেছেন তখন সংবিধানের শপথ গ্রহণ করেছিলেন। তখন শপথে বলেছিলেন সংবিধানের আইনবিধি মেনে চলব। প্রত্যেক নাগরিক সমান বলে সংবিধানে সাম্যের যে বার্তা আছে তা পাঠ করেছিলেন। তাহলে উনি বলুন যে ওটা আমি পাঠ করিনি। ওটা আমি ভুল করেছি। আসলে ওনারা দু’দিকেই আছেন। একদিকে সংসদে যখন সরকার চালায় তখন সংবিধানের শপথও নেন আবার রাস্তায় জনগণকে বোঝান তখন আরেক কথা বলেন। ওনারা এভাবে দুমুখো রাস্তা অবলম্বন করেন এটা মানুষের বোঝা উচিত।’ 

ভারতের দিল্লির শাহীনবাগে যেসব নারীরা সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতা করে ধর্না-অবস্থানে আছেন তাঁদেরকে সম্প্রতি আত্মঘাতী বোমারু বলে অভিহিত করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।  

তিনি বলেন, ‘শাহীনবাগ কেবল আর আন্দোলন নয়, আত্মঘাতী বোমারুদের আতুরঘর হয়ে উঠেছে। দেশের রাজধানীতে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’ তাঁর ওই বিতর্কিত মন্তব্যের জের না মিটতেই ফের তাঁর নয়া বিতর্কিত মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।