বিজেপিকে সুযোগ দিন, বাংলাকে ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তুলব: অমিত শাহ
-
অমিত শাহ
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, ৫ বছরের জন্য বিজেপিকে সুযোগ দিন, বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলব। সোনার বাংলা মমতা দিদির শাসনকালে গঠিত হবে না। বিজেপিকে ক্ষমতায় আনুন, আমরা আপনাদের স্বপ্ন বাস্তবায়িত করব।
তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রসঙ্গে তিনি বলেন, ‘এই আইন ভারতীয়দের নাগরিকত্ব প্রদানের জন্য। কারও নাগরিকত্ব কেড়ে নেয়ার জন্য নয়। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের শরণার্থীদের মোদিজি নাগরিকত্ব দিতে চান। মতুয়া, নমঃশূদ্রদের দেশের নাগরিকের অধিকার দিতে হবে। কিন্তু এসবের বিরোধিতা হচ্ছে। কোন স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করছেন?’
তাঁর অভিযোগ, কংগ্রেস, তৃণমূল, সপা, বসপা অনুপ্রবেশকারীদের আড়াল করার জন্যই ‘সিএএ’-এর বিরোধিতা করছে। রামমন্দির তৈরি করার ক্ষেত্রে বাধা তৈরি করেছেন মমতা, কংগ্রেস ও সপা।
তিনি বলেন, 'দেশের আইনের বিরুদ্ধাচরণ করছেন মমতা দিদি। যত বিরোধিতাই করুন, আমরা সিএএ করেই ছাড়ব।'
পশ্চিমবঙ্গে আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে অমিত শাহের দাবি ‘বাংলায় একুশে পূর্ণসংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়বে, বাংলার ভূমিপুত্রই আগামীদিনের মুখ্যমন্ত্রী হবেন। বাংলায় সুন্দর পদ্মফুল (বিজেপি’র প্রতীক) ফুটবে, যেখানে বসে মা লক্ষ্মী বাংলাকে সোনার বাংলা বানানোর জন্য আসবেন।’
তিনি এদিন, সিএএ-এর পাশাপাশি জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ইত্যাদির পক্ষে জোরালোভাবে সাফাই দেন।
এদিকে, অমিত শাহের কোলকাতা সফর প্রসঙ্গে পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সিএএ-এনআরসি এখানে করতে দেবে না। তার নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে এল কে গেল তা নিয়ে আমরা একেবারেই ভাবছি না। পরিযায়ী পাখির মতো ওরা আসবে ও চলে যাবে।’ আমরা ছিলাম, আছি ও থাকব বলেও মন্ত্রী ফিরহাদ হাকিম মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১