কোলকাতায় অমিত শাহ’র সমাবেশ থেকে ‘গুলি মারো’ স্লোগান, ক্ষুব্ধ সেলিম-সুজন
-
পশ্চিমবঙ্গে অমিত শাহ
ভারতের রাজধানী কোলকাতায় আজ (রোববার) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক বিজেপি সভাপতি অমিত শাহ’র সমাবেশকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকরা গুলি মারার স্লোগান দেয়ায় বামপন্থী নেতা মুহাম্মাদ সেলিম ও সিপিএম বিধায়ক সুজন চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কোলকাতার শহীদ মিনারের সভায়, তখন একদল বিজেপি কর্মী-সমর্থককে ‘দেশ কে গদ্দারোঁ কো/গুলি মারো সালোঁ কো’ স্লোগান দেয়।
এ প্রসঙ্গে সিপিএম নেতা ও পলিটব্যুরোর সদস্য মুহাম্মাদ সেলিম বলেছেন, ‘(মমতা বন্দ্যোপাধ্যায়ের (মুখ্যমন্ত্রী) কল্যাণে কোলকাতায় আমরা ‘গুলি মারো’ স্লোগান শুনলাম। এই সাহস কেউ আগে দেখাতে পারেনি। এটা অপরাধমূলক কাজ। প্রকাশ্যে অমিত শাহের সভায় যাওয়ার সময়ে পুলিশের সামনে ‘গুলি মারো’ স্লোগান উঠলেও পুলিশ একটাকেও ধরতে পারল না। পুলিস নির্বাক দর্শক হয়ে ছিল।’
মুহাম্মাদ সেলিম বলেন, ‘যে বিষ অমিত শাহ আজ কোলকাতায় ফেলে গেলেন তার বিরুদ্ধে মিছিল করবে বিজেপি-আরএসএসবিরোধী বিভিন্ন দল। শহীদ মিনারের ভূমিকে অপবিত্র করে গিয়েছেন অমিত শাহ। তিনি দিল্লির সহিংসতা নিয়ে শোক প্রকাশ করেননি। বরং উস্কানি দিয়েছেন।’
অন্যদিকে, সিপিএম বিধায়ক সুজন চট্টোপাধ্যায় বলেছেন, ‘বাংলার গর্ব হল, ঐক্য ও সম্প্রীতি। অমিত শাহ, যার হাতে গুজরাট দাঙ্গার রক্তের দাগ। দিল্লিতে যা হয়েছে সেই রক্ত যার হাতে, তিনি কোলকাতা শহরে ওয়েলকাম হবেন এটা হতে পারে না। এতবড় সাহস! তিনি কোলকাতায় এসেছেন সভা করতে এবং রাজ্য সরকার তার ব্যবস্থা করে দিচ্ছে এটা খুব বিপজ্জনক! দুনিয়ার কাছে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমাদের দেশের গর্ব নষ্ট হয়ে যাচ্ছে। এর দায় যার সেই মোদি ও অমিত শাহ তাঁরা কোলকাতায় ওয়েলকাম হতে পারেন না। স্বাভাবিক কারণে আজ গোটা রাজ্যজুড়ে কোলকাতাসহ সর্বত্র মানুষ রাস্তায় নেমেছে। এখানে বামপন্থী শক্তি, কংগ্রেসসহ সবাই মিলে রাস্তায় স্লোগান দিচ্ছে গো-ব্যাক অমিত শাহ।’
‘ওঁরা মানুষকে কার সঙ্গে তুলনা করছেন? ক্রিমিনালদের দল! সমাজবিরোধীমূলক কাজকর্ম। যার নেতৃত্ব দিচ্ছেন অমিত শাহ’ বলেও সিপিএম বিধায়ক সুজন চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১