বিজেপি’র মিথ্যে কথায় কেউ ভুলবেন না, সবাই এদেশের নাগরিক: মমতা
https://parstoday.ir/bn/news/india-i77959-বিজেপি’র_মিথ্যে_কথায়_কেউ_ভুলবেন_না_সবাই_এদেশের_নাগরিক_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি’র মিথ্যে কথায় কেউ ভুলবেন না, সবাই এদেশের নাগরিক।’ তিনি আজ (মঙ্গলবার) উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৩, ২০২০ ১৬:১৮ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি’র মিথ্যে কথায় কেউ ভুলবেন না, সবাই এদেশের নাগরিক।’ তিনি আজ (মঙ্গলবার) উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।

ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার জন্য সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) তৈরি করেছে। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা থাকায় ওই আইন নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।   

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনার ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে, আপনার একটা বাড়ির ঠিকানা আছে, আপনি ভোট দেন, আপনার ভোটার কার্ড আছে, আপনার রেশন কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে। এজন্য নতুন করে বিজেপি’র ওই কার্ডের প্রয়োজন নেই। যারা বাংলাদেশ থেকে এসেছেন সবাই নাগরিকত্ব পেয়েছেন। নতুন করে নাগরিকত্ব দেওয়ার কী আছে?’

মমতা বলেন, ‘ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন, মুখ্যমন্ত্রী নির্বাচিত করবেন, বিধানসভা নির্বাচিত করবেন, জেলাপরিষদ নির্বাচন করবেন আর বলবে আপনি নাগরিক নন, আপনি এটা বিশ্বাস করবেন না। একদম বিশ্বাস করবেন না। আপনারা সবাই নাগরিক। আপনারা এদেশের বোনাফায়েড নাগরিক। বাংলা থেকে একটা মানুষকেও আমরা তাড়াতে দেবো না। বাংলাতে একটা মানুষকেও তাঁর অধিকার কাড়তে দেবো না। এটা মাথায় রাখবেন।’

তিনি বলেন, ‘আপনার পরিবার মানে আমার পরিবার। আজকে দেখছেন আসামে কী চলছে? নির্বাচনের সময় ওরা (বিজেপি) বলল রাজবংশী ভাইরা তোমরা থাকবে, বাঙালিদের তাড়িয়ে দেবো। কিন্তু ভোট নিয়ে ওরা পালিয়ে গেল। আসামে রাজবংশীও খুন করতে পিছপা হয়নি আর বাঙালিকেও খুন করতে পিছপা হয়নি। রাজবংশীর নামও এনআরসি থেকে কাটা গেছে, বোড়া’র নামও কাটা গেছে, হিন্দুর নাম কাটা গেছে, মুসলিমের নামও কাটা গেছে, বিহারীদের নামও কাটা গেছে। সুতরাং মনে রাখবেন আমরা যারা বাংলায় থাকি আমরা সম্মানের সঙ্গে থাকি। আমরা ভালোবাসায় থাকি, আমরা নিজের অধিকার নিয়ে বাঁচি।’

তিনি দিল্লির সাম্প্রতিক সহিংসতায় হতাহতের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘আমি দুঃখিত দিল্লিতে যা ঘটেছে। অনেক মানুষ মারা গেছেন। কত মানুষ মারা গেছেন। এখনও নর্দমা থেকে মৃতদেহ পাওয়া যাচ্ছে! অথচ আজও দেখুন কেন্দ্রীয় সরকার একবার বলল না যে আমরা লজ্জিত, আমরা মর্মাহত, আমরা দুঃখিত! কেন এত মানুষকে মেরে দেওয়া হল? আমি দুঃখের সাথে বলতে চাই এটা বাংলা, মনে রাখবেন। দিল্লিতে যা হয়, বাংলায় তা হয় না।’    

তিনি এদিন রাজ্যসরকারের পক্ষ থেকে জনকল্যাণে যেসব কর্মসূচি ও প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা বিস্তারিত তুলে ধরেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।