ভারতে সন্ত্রাসবাদ বৃদ্ধির কারণ গান্ধীবাদ: হিন্দু মহাসভা
-
মোহনদাস করমচাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী)
সর্বভারতীয় হিন্দু মহাসভার জাতীয় সহসভাপতি অশোক শর্মা এবং রাজ্য মুখপাত্র অভিষেক আগরওয়াল বলেছেন, সন্ত্রাসবাদের আসল কারণ গান্ধীবাদ। দেশে বর্তমানে যে জাতীয়তাবিরোধী কার্যকলাপ হচ্ছে তাদের সাথে যুক্ত লোকেরা গান্ধীবাদী বলে দাবি করছে। এজন্য অবিলম্বে সমস্ত সরকারি ও বেসরকারি দফতর থেকে জাতিরজনক গান্ধীজির সমস্ত ছবি ও ভাস্কর্য সরিয়ে ফেলতে হবে।
গতকাল (বৃহস্পতিবার) উত্তর প্রদেশের মীরাটে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানানো হয়। হিন্দু মহাসভার পক্ষ থেকে সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) সমর্থন করে ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণা করার অনুরোধ জানানো হয়েছে।
হিন্দু মহাসভার ওই দুই নেতা বলেন, ‘দেশে জাতীয়তাবিরোধী কাজকর্ম যেমন, জনতার ভিড়ের সাথে মিলে সাধারণ মানুষকে হত্যা করা, পুলিশসহ সমস্ত নিরাপত্তা সংস্থার উপরে হামলা চালানো এবং ভারতকে টুকরো টুকরো করার কথা বলা- এ ধরণের সমস্ত জাতীয়তাবিরোধী কাজ করা লোকেরা কেবল করমচাঁদ গান্ধীকে তাদের আদর্শ হিসেবে মনে করে।’
তারা বলেন, ‘দিল্লির শাহীনবাগের মতো অগণতান্ত্রিক ধর্না-অবস্থানে শামিল লোকেরা গান্ধীকে আদর্শ বলে মনে করেন। এর প্রমাণ হল এরা সকলেই গান্ধীর পোস্টার লাগিয়ে আন্দোলন করছেন।’
হিন্দু মহাসভা নেতা অশোক শর্মা ও অভিষেক আগরওয়াল আরও বলেন, ‘১৯৪৭ সালে সালেও গান্ধীর জন্যই দেশভাগ হয়েছিল এবং বর্তমান সময়েও যারা দেশকে বিভক্ত করার স্বপ্ন দেখেছেন তাদের আদর্শ গান্ধী।’ এজন্য সর্বভারতীয় হিন্দু মহাসভা খোলা চিঠির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে দাবি করছে যে দেশের সমস্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে অবিলম্বে গান্ধীর সমস্ত ছবি ও ভাস্কর্য অপসারণের নির্দেশ দেওয়া হোক।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।