ইরান ও যুক্তরাষ্ট্র্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ১৪ অনুচ্ছেদ
পার্সটুডে- ইরান ও যুক্তরাষ্ট্র্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ১৪ অনুচ্ছেদ রয়েছে, যা এখানে তুলে ধরা হলো।
১. ইসলামী প্রজাতন্ত্র ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বর্তমান যুদ্ধে জড়িত তাদের মিত্ররা এই সমঝোতা স্মারকে স্বাক্ষরের মাধ্যমে লেবাননসহ সকল ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিচ্ছে। তারা অঙ্গীকার করছে যে, ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে কোনো যুদ্ধ বা সামরিক অভিযান শুরু করবে না, হুমকি বা বলপ্রয়োগ থেকেও বিরত থাকবে এবং লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করবে। চূড়ান্ত চুক্তি লেবাননসহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি এবং এই অনুচ্ছেদের বাকি বিষয়গুলোকে অনুমোদন করবে।
২. ইসলামী প্রজাতন্ত্র ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিচ্ছে যে, একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করবে এবং পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকবে।
৩. ইসলামী প্রজাতন্ত্র ইরান ও যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে আলোচনা সম্পন্ন করে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর অঙ্গীকার করছে। পারস্পরিক সম্মতিতে এই মেয়াদ বাড়ানো যেতে পারে।
৪. এই সমঝোতা স্মারকে স্বাক্ষরের সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তার নৌ অবরোধ ও যেকোনো ধরনের বাধা বা হয়রানি প্রত্যাহার শুরু করবে এবং ৩০ দিনের মধ্যে সম্পূর্ণভাবে নৌ অবরোধের অবসান ঘটাবে। এ সময়ে ইরান যুদ্ধ-পূর্ব বাণিজ্যিক চলাচলের অনুপাতে জাহাজ চলাচল পুনরায় চালু করবে। এছাড়া, চূড়ান্ত চুক্তির ৩০ দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পার্শ্ববর্তী অঞ্চল থেকে তার সামরিক বাহিনী প্রত্যাহার করবে।
৫. এই সমঝোতা স্মারকে স্বাক্ষরের পর ইরান সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে ৬০ দিনের জন্য বিনামূল্যে পারস্য উপসাগর থেকে ওমান সাগর এবং বিপরীতমুখী বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করবে। বাণিজ্যিক জাহাজ চলাচল অবিলম্বে শুরু হবে এবং প্রযুক্তিগত ও সামরিক প্রতিবন্ধকতা অপসারণ ও মাইন অপসারণের কাজ শেষ হওয়ার পর ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু হবে। ইরান ওমানের সঙ্গে আন্তর্জাতিক আইন এবং হরমুজ প্রণালীর উপকূলীয় রাষ্ট্রগুলোর সার্বভৌম অধিকারের ভিত্তিতে ভবিষ্যতে প্রণালী পরিচালনা ও সামুদ্রিক সেবা নির্ধারণে আলোচনা করবে এবং পারস্য উপসাগরীয় অন্যান্য উপকূলীয় দেশের সঙ্গেও মতবিনিময় করবে।
৬. মার্কিন যুক্তরাষ্ট্র অঙ্গীকার করছে যে, দেশটি আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিয়ে অন্তত ৩০ হাজার কোটি (৩০০ বিলিয়ন) মার্কিন ডলার ব্যয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি সুনির্দিষ্ট ও উভয় পক্ষের সম্মতিপূর্ণ পরিকল্পনা তৈরি করবে। এই পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে ৬০ দিনের মধ্যে এবং সেটা করা হবে যুক্তরাষ্ট্র ও ইরানের চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের জন্য প্রয়োজনীয় সব ধরনের লাইসেন্স, ছাড় ও অনুমতি দেবে যুক্তরাষ্ট্র।
৭. মার্কিন যুক্তরাষ্ট্র অঙ্গীকার করছে যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরসের প্রস্তাব এবং যুক্তরাষ্ট্রের সকল প্রাথমিক ও মাধ্যমিক একতরফা নিষেধাজ্ঞাসহ ইরানের বিরুদ্ধে আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা একটি সম্মত সময়সূচি অনুযায়ী প্রত্যাহার করবে। উভয় পক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে স্বীকার করছে এবং এ বিষয়ে দ্রুত সমাধানে আলোচনার ইচ্ছা প্রকাশ করছে।
৮. ইরান পুনরায় নিশ্চিত করছে যে, তারা কোনো পারমাণু অস্ত্র উৎপাদন বা অর্জন করবে না। উভয় পক্ষ সম্মত হয়েছে যে,সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি পারস্পরিক সম্মতির ভিত্তিতে একটি প্রক্রিয়ার মাধ্যমে এবং ৭ নম্বর ধারায় উল্লেখিত সময়সূচি অনুযায়ী, অন্তত স্থানীয়ভাবে পাতলা করার পদ্ধতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে নিষ্পত্তি করা হবে। উভয় পক্ষ ইরানের পারমাণবিক প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং অন্যান্য সম্মত বিষয় নিয়েও আলোচনা করবে। এসব বিষয় চূড়ান্ত চুক্তিতে অনুমোদিত হবে। উভয় পক্ষ পারমাণবিক ইস্যুগুলোর গুরুত্ব স্বীকার করে এবং এ বিষয়ে দ্রুত সমঝোতায় পৌঁছানোর ইচ্ছা প্রকাশ করছে।
৯. ইসলামী প্রজাতন্ত্র ইরান ও যুক্তরাষ্ট্র চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান অবস্থা বজায় রাখতে সম্মত হয়েছে। ইরান তার পারমাণবিক কর্মসূচিতে বিদ্যমান অবস্থা বজায় রাখবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না বা অঞ্চলে অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েন করবে না।
১০. মার্কিন যুক্তরাষ্ট্র অঙ্গীকার করছে যে, এই সমঝোতা স্মারকে স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই এবং নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল পণ্য ও তাদের উপজাত রপ্তানির জন্য প্রয়োজনীয় মার্কিন অর্থ মন্ত্রণালয়ের (ট্রেজারি) ছাড়পত্র জারি করবে। এর মধ্যে ব্যাংকিং লেনদেন, বীমা,পরিবহন এবং সংশ্লিষ্ট সকল সেবাও অন্তর্ভুক্ত থাকবে।
১১. মার্কিন যুক্তরাষ্ট্র অঙ্গীকার করছে যে, এই সমঝোতা স্মারক কার্যকরের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সীমাবদ্ধ বা জব্দকৃত অর্থ ও সম্পদ সম্পূর্ণভাবে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেবে। এসব অর্থ মুক্ত করার পদ্ধতি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনার সময় দ্বিপাক্ষিকভাবে একমত হবে। এই অর্থ মূল হিসাবে সংরক্ষিত থাকুক বা অন্যত্র স্থানান্তরিত হোক, ইরানের কেন্দ্রীয় ব্যাংক যাদের চূড়ান্ত সুবিধাভোগী হিসেবে নির্ধারণ করবে তাদের অর্থপ্রদানের জন্য তা সম্পূর্ণরূপে ব্যবহারযোগ্য হতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সব অনুমোদন ও লাইসেন্স প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
১২. ইসলামী প্রজাতন্ত্র ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে যে, এই সমঝোতা স্মারকের সফল বাস্তবায়ন এবং ভবিষ্যৎ চূড়ান্ত চুক্তির প্রতি আনুগত্য পর্যবেক্ষণের জন্য একটি বাস্তবায়ন ও তদারকি ব্যবস্থা (মেকানিজম) গঠন করা হবে।
১৩. এই সমঝোতা স্মারকে স্বাক্ষরের পর এবং এর ১, ৪, ৫, ১০ ও ১১ নম্বর অনুচ্ছেদের বাস্তবায়ন শুরু হওয়া ও তা অব্যাহত থাকার শর্তে, ইসলামী প্রজাতন্ত্র ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র চূড়ান্ত চুক্তি সম্পর্কিত আলোচনায় প্রবেশ করবে, যা কেবল এই সমঝোতা স্মারকের অন্য অনুচ্ছেদগুলোর ওপর ভিত্তি করে হবে।
১৪. চূড়ান্ত চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত ও নিশ্চিত করা হবে।
পার্স টুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।