পশ্চিম এশিয়ার নিরাপত্তাহীনতা সৃষ্টিতে নিজেদের ভূমিকা গোপন রাখতে পারবে না ব্রিটেন: বাকায়ি
-
- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, ব্রিটিশ সরকার দোষ অন্যের ওপর চাপিয়ে এবং বাস্তবতাকে বিকৃত করে পশ্চিম এশিয়ার নিরাপত্তাহীনতা সৃষ্টিতে নিজেদের ধ্বংসাত্মক ভূমিকা আড়াল করতে পারবে না।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও বেতার সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড ইরানের প্রতিরক্ষামূলক পদক্ষেপকে ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করেন। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমাদের অঞ্চলজুড়ে যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, তা অবৈধ হস্তক্ষেপের ফল। এসব হস্তক্ষেপের মধ্যে এমন কর্মকাণ্ডও রয়েছে, যেগুলোকে ব্রিটেন সমর্থন করেছে অথবা যেগুলোতে দেশটি নিজেই ভূমিকা রেখেছে।”
তিনি আরও বলেন, মাত্র নয় মাসের মধ্যে ইরান দুই দফায় সামরিক আগ্রাসনের শিকার হয়েছে। এর মধ্যে উভয়বারই কূটনৈতিক আলোচনা চলাকালে হামলা চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর ইরানকে ‘আগ্রাসী’ আখ্যা দেওয়া বাস্তবতাকে চরমভাবে বিকৃত করা এবং স্পষ্টতই আগ্রাসী ও ভুক্তভোগীর পরিচয় বদলে দেয়ার শামিল।
বাকায়ি বলেন, ইরানের বিরুদ্ধে ব্রিটেনের এই অবস্থান দেশটির জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলে আসা বৈরী তৎপরতার ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
তিনি আরও বলেন, ইরানের বিষয়ে ব্রিটেনের এমন অবস্থানকে তুলনা করা যায় নাৎসি জার্মানিকে ‘শান্তির রক্ষক’ হিসেবে অভিহিত করা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন ও তার মিত্রদের ‘আগ্রাসী’ হিসেবে চিত্রিত করার সঙ্গে।#
পার্সটুডে/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।