দিল্লি সহিংসতা নিয়ে সংসদ অচল, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/india-i78047-দিল্লি_সহিংসতা_নিয়ে_সংসদ_অচল_স্বরাষ্ট্রমন্ত্রীর_পদত্যাগের_দাবিতে_কংগ্রেসের_বিক্ষোভ
ভারতের রাজধানী দিল্লির সাম্প্রতিক সহিংস ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয়কক্ষের কাজকর্ম অচল হয়েছে। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভার অধিবেশন আগামী ১১ মার্চ পর্যন্ত মুলতবি হয়ে গেছে।
(last modified 2026-06-16T05:39:17+00:00 )
মার্চ ০৬, ২০২০ ১৫:৫২ Asia/Dhaka
  • কংগ্রেস এমপিদের বিক্ষোভ
    কংগ্রেস এমপিদের বিক্ষোভ

ভারতের রাজধানী দিল্লির সাম্প্রতিক সহিংস ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয়কক্ষের কাজকর্ম অচল হয়েছে। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভার অধিবেশন আগামী ১১ মার্চ পর্যন্ত মুলতবি হয়ে গেছে।

অন্যদিকে, দিল্লির সহিংসতা বন্ধ করতে ব্যর্থতার অভিযোগে আজ (শুক্রবার) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে  প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এসময় হাতে কালো ফিতে বেঁধে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপিসহ অন্য এমপি’রা গান্ধী মূর্তির পাদদেশে জড়ো হয়ে 'দিল্লিকে ইনসাফ দিন', 'ইস্তফা দিন-ইস্তফা দিন', 'স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দিন', 'জবাব দিন-জবাব দিন প্রধানমন্ত্রী জবাব দিন' ইত্যাদি স্লোগানে সোচ্চার হন। 

লোকসভা থেকে কংগ্রেসের ৭ এমপিকে সাসপেন্ড করা প্রসঙ্গে আজ কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কংগ্রেস দল চুপ করে বসে থাকবে না, পিছিয়েও আসবে না। দিল্লিসহ দেশবাসী ইনসাফ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

দিল্লির সহিংসতা ইস্যুতে আজ লোকসভায় বিরোধীরা হট্টগোল শুরু করলে লোকসভার কাজকর্ম প্রথমে বেলা ১২ টা পর্যন্ত স্থগিত করে দিতে হয়। আজ বেলা ১১টায় সভা শুরু হওয়ার সাথে সাথে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস এবং বাম দল, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগসহ বিরোধী সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করে সভায় গোলযোগ সৃষ্টি করলে দুপুর বারোটা পর্যন্ত সভার কাজ স্থগিত করা হয়।

এসময় সভা পরিচালনা করছিলেন কিরীট প্রেমজিভাই সোলাঙ্কি। তিনি বিরোধী সদস্যদের নিজনিজ আসনে ফিরে যাওয়ার অনুরোধ করলেও সদস্যরা তাতে কান না দেওয়ায় অধিবেশন মুলতবি ঘোষণা করেন। এভাবে দু’বার অধিবেশনের কাজ স্থগিত হওয়ার পরে অবশেষে দিনভরের জন্য অধিবেশন মুলতবি হয়ে যায়। হোলির ছুটির পরে আগামী ১১ মার্চ পুনরায় লোকসভার কাজ শুরু হবে।

আজ কংগ্রেস এমপি’রা তাঁদের দলীয় ৭ এমপিকে সাসপেন্ড করার প্রতিবাদে সংসদে  সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীসহ অন্যরা হাতে কালো ফিতে বেঁধে প্রতিবাদ জানান। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী আজ সংসদে দলীয় সদস্যদের সাসপেন্ড করার প্রতিবাদে সোচ্চার হন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।