বিজেপি সরকার করোনাভাইরাস মোকাবেলায় বিলম্ব করেছে: কংগ্রেস
https://parstoday.ir/bn/news/india-i78563-বিজেপি_সরকার_করোনাভাইরাস_মোকাবেলায়_বিলম্ব_করেছে_কংগ্রেস
ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার করোনাভাইরাস মোকাবেলায় বিলম্ব করেছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধীদল কংগ্রেস। দলটির পক্ষ থেকে আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ সংক্রান্ত মন্তব্য করা হয়েছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মার্চ ২৫, ২০২০ ১৪:৫৫ Asia/Dhaka
  • রাহুল গান্ধী
    রাহুল গান্ধী

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার করোনাভাইরাস মোকাবেলায় বিলম্ব করেছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধীদল কংগ্রেস। দলটির পক্ষ থেকে আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ সংক্রান্ত মন্তব্য করা হয়েছে।

কংগ্রেস অভিযোগ করে বলেছে, বিজেপি সরকার করোনা ভাইরাস মোকাবিলায় বিলম্ব করেছে। দেশের সামনে এখন গুরুতর অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আমরা আশা করি এই ভুল আর করা হবে না।

কংগ্রেসের আরও অভিযোগ, বিশ্বের বহু দেশ এই মহামারী মোকাবিলা করতে এবং সাধারণ মানুষকে সহায়তা করার জন্য একটি প্যাকেজ ঘোষণা করেছে। এজন্য সরকারের উচিত ন্যায় যোজনার মতো প্রকল্প চালু করা, যাতে জনগণকে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছানো যায়।

বিগত লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস দলের ইশতেহারে ন্যায় প্রকল্পের কথা উল্লেখ করে, যার অধীনে লোকদেরকে প্রতি বছর ৭২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছিল।

কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে কংগ্রেসের জিজ্ঞাসা- কৃষক, চিকিৎসক এবং শ্রমিকদের রক্ষা করার জন্য কেন্দ্রের কী পরিকল্পনা রয়েছে? যদি থাকে তাহলে দেশের সামনে তা তুলে ধরা উচিত।

নরেন্দ্র মোদি

গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা মোকাবেলায় ১৫ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছিলেন, যা স্বাস্থ্য সুবিধার জন্য ব্যবহার করা হবে।

কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী আজ (বুধবার) টুইটার বার্তায় বলেন, ‘আমাদের দেশ করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। এখন প্রশ্ন হল, কী করে যথাসম্ভব কম মৃত্যু নিশ্চিত করা যাবে? এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বড় ভূমিকা রয়েছে। আমার মতে, আমাদের রণনীতির দু’টি অংশ আছে। প্রথমত, সংক্রমণ রোধ করার জন্য ঘরবন্দি থাকতে হবে এবং উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করতে হবে। দ্বিতীয়ত, শহরাঞ্চলে দ্রুত অস্থায়ী হাসপাতাল তৈরি করতে হবে। এই অস্থায়ী হাসপাতালগুলিতে আইসিইউ থাকা জরুরি।’

রাহুল গান্ধী আরও লিখেছেন, ‘দিনমজুরদের অবিলম্বে সাহায্য করতে হবে। সরাসরি তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হোক। তাঁদের বিনামূল্যে রেশন দিতে হবে। এই কাজে দেরি হলেই সর্বনাশ হবে। ব্যবসায়ীদের আর্থিক সহায়তা, করছাড়ও দিতে হবে।’ ছোটবড় ব্যবসায়ীদের এজন্য তিনি সরকারি আশ্বাস দেওয়ার দাবি জানিয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।