এবার মুসলিম সবজি বিক্রেতাকে হুমকি দিলেন ভারতের বিজেপি বিধায়ক (ভিডিও)
https://parstoday.ir/bn/news/india-i79471-এবার_মুসলিম_সবজি_বিক্রেতাকে_হুমকি_দিলেন_ভারতের_বিজেপি_বিধায়ক_(ভিডিও)
ভারতে হিন্দুত্ববাদী বিজেপি’র বিধায়ক ব্রিজভূষণ রাজপুত এক মুসলিম সবজি বিক্রেতাকে মারধর করার হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে বিজেপি বিধায়ক ব্রিজভূষণকে এক মুসলিম সবজি বিক্রেতাকে তার নাবালক ছেলের সামনে হুমকি দেওয়াসহ হেনস্থা ও হয়রানি করতে দেখা গেছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ৩০, ২০২০ ০৮:০১ Asia/Dhaka
  • বিজেপি বিধায়ক ব্রিজভূষণ রাজপুত
    বিজেপি বিধায়ক ব্রিজভূষণ রাজপুত

ভারতে হিন্দুত্ববাদী বিজেপি’র বিধায়ক ব্রিজভূষণ রাজপুত এক মুসলিম সবজি বিক্রেতাকে মারধর করার হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে বিজেপি বিধায়ক ব্রিজভূষণকে এক মুসলিম সবজি বিক্রেতাকে তার নাবালক ছেলের সামনে হুমকি দেওয়াসহ হেনস্থা ও হয়রানি করতে দেখা গেছে।

সংশ্লিষ্ট ওই ভিডিওটি বিজেপিশাসিত উত্তর প্রদেশের মহোবা জেলার বলে বলা হচ্ছে। ওই ভিডিওতে প্রকাশ, সবজি বিক্রেতা ব্যক্তিকে জিজ্ঞেস করা  হয়, ‘তোমার নাম কী? সবজি বিক্রেতা ব্যক্তি প্রথমে জানায় তার নাম ‘রাজকুমার’। এসময় ভিডিও তৈরি করা এক ব্যক্তি বলেন, ‘রাজকুমার’ নাম নয়, তুমি সত্যি কথা বলো, তোমার নাম কী? 

এরপরে, বিধায়ক পুনরায় সবজি বিক্রেতাকে জিজ্ঞেস করেন, 'তোমার নাম কী? সঠিক কথা না বললে এখনই মারব।' এরপরে ওই সবজি বিক্রেতা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তাকে পুনরায় থামতে বলা হয়। তারা বলেন- ‘পালাচ্ছ কেন? নাম বলো’।

এ নিয়ে ওই বিজেপি বিধায়ক সবজি বিক্রেতার ছেলের উদ্দেশ্যে বলেন, 'সঠিক নাম বললে তোমার বাবা বেঁচে যাবে।' এভাবে প্রবল চাপের মুখে পড়ে অবশেষে ওই নাবালক ছেলেটি জানায় আমি সত্য কথা বলছি রহিমউদ্দিন খান।

বিধায়ক ব্রিজভূষণ ওই সবজি বিক্রেতাকে হুমকি দিয়ে বলেন, এলাকায় ফের তাঁকে দেখা গেলে মার খেতে হবে।

সংবাদসংস্থা এএনআইকে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশ, অভিযুক্ত বিজেপি বিধায়ক স্বীকার করে নিয়েছেন যে ওই ভিডিওতে তিনি আছেন। তার অভিযোগ, সবজিওয়ালা মুসলিম হলেও সে হিন্দু নাম বলেছিল। তার নাম রহিমউদ্দিন হলেও সে রাজকুমার বলেছিল।

করোনার মতো ভয়াবহ মহামারীর মধ্যেও গত একমাসে একাধিক ঘটনায় হিন্দুত্ববাদী বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা মুসলিমদেরকে টার্গেট করে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে আরব দেশগুলো থেকে তীব্র সমালোচনা শুরু হওয়ায় প্রয়োজনীয় বার্তা দিতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘কোভিড-১৯ থেকে তৈরি অতিমারী পরিস্থিতি জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, সীমানা নির্বিশেষে প্রভাব বিস্তার করছে। একতা এবং সৌভ্রাত্র বজায় রেখে এই লড়াই লড়তে হবে।’

যদিও প্রকাশ্য বক্তব্যে এ ধরণের মন্তব্য না করে কেবলমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেওয়ায় সেটি সাধারণ জনমানসে কতদূর পৌঁছেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।

কিন্তু প্রধানমন্ত্রীর সদর্থক বার্তা দেওয়া সত্ত্বেও বিজেপি নেতা-কর্মীরা যে থেমে নেই তা ফের স্পষ্ট হয়েছে। সম্প্রতি বিজেপি বিধায়ক সুরেশ তিওয়ারি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, ‘একটা কথা মাথায় রাখুন, মিঞাদের (মুসলিম) কাছে থেকে সবজি কেনার কোনও দরকার নেই।’ ওই ঘটনার জের না মিটতেই এবার ফের এক বিজেপি বিধায়ক ব্রিজভূষণ রাজপুতকে মুসলিম সবজি বিক্রেতাকে হুমকি দিতে দেখা গেল।#