আর্থিক প্যাকেজের নামে বিজেপি মানুষের সঙ্গে প্রতারণা করেছে: সুজন চক্রবর্তী
https://parstoday.ir/bn/news/india-i79976-আর্থিক_প্যাকেজের_নামে_বিজেপি_মানুষের_সঙ্গে_প্রতারণা_করেছে_সুজন_চক্রবর্তী
ভারতের পশ্চিমবঙ্গের বাম পরিষদীয় দলনেতা ও বিধায়ক সুজন চক্রবর্তী বলেছেন, করোনা বিপর্যয়ে মানুষকে কীভাবে বাঁচানো হবে সেই আর্থিক প্যাকেজের নামে কার্যত বিজেপি রাজনৈতিক সুবিধা নেওয়ার ব্যবস্থা করে মানুষের সঙ্গে প্রতারণা করেছে। করোনা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের আর্থিক প্যাকেজ ঘোষণা প্রসঙ্গে তিনি আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ১৭, ২০২০ ১৪:২৬ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের বাম পরিষদীয় দলনেতা ও বিধায়ক সুজন চক্রবর্তী বলেছেন, করোনা বিপর্যয়ে মানুষকে কীভাবে বাঁচানো হবে সেই আর্থিক প্যাকেজের নামে কার্যত বিজেপি রাজনৈতিক সুবিধা নেওয়ার ব্যবস্থা করে মানুষের সঙ্গে প্রতারণা করেছে। করোনা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের আর্থিক প্যাকেজ ঘোষণা প্রসঙ্গে তিনি আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন।

সুজন চক্রবর্তী বলেন, ‘বিদ্যুৎ ক্ষেত্রে ওদের সংস্কার মানতে হবে, অন্য ক্ষেত্রে ওরা যা ভাবছে সেটা মানতে হবে। পাঁচটা শর্ত মানলে তবেই ঋণ বেশি নেওয়া যাবে। এটা সাধারণভাবে দেশের সঙ্গে, জনগণের সঙ্গে প্রতারণা। করোনার বিপর্যয়ের সুযোগ নিয়ে বিজেপি মানুষের উপরে অবাধ আক্রমণের ব্যবস্থা করতে চাচ্ছে। এরা দেশ গড়েনি। কোনও কিছু তৈরি করেনি। আমাদের সমস্ত সম্পদগুলোকে ধ্বংস করার মধ্য দিয়ে ভারতবর্ষের বিপদ রচনা করতে চায়। গত পাঁচদিন ধরে সেটাই স্পষ্ট হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা কোনও আর্থিক প্যাকেজ নয়, এটা মোদির পছন্দের (শিল্পপতি) আদানি, আম্বানির পছন্দের ভাষণ চলছে। করোনা বিপর্যয়ে মানুষকে কীভাবে বাঁচানো হবে সেই আর্থিক প্যাকেজের নামে করোনা বিপর্যয়ের মধ্যে কার্যত বিজেপি তার নিজের রাজনৈতিক সুবিধা নেওয়ার মতো ব্যবস্থা করে মানুষের সঙ্গে প্রতারণা করল। প্রধানমন্ত্রী যা বলেছেন এবং পাঁচদিন ধরে যা চলছে তার মধ্যে কোনও মিল আছে? এটা কোনও আর্থিক প্যাকেজ? এটা বাজেট, পাঁচশালা, বা আর্থিক প্যাকেজ নয়। করোনা বিপর্যয়ের সুযোগে বিজেপি তার রাজনৈতিক মনোভাবকে শিল্পপতি আদানি, আম্বানিদের স্বার্থ রক্ষা করাকে স্পষ্ট করেছে। আমাদের সাধারণ গরীব মানুষ অথবা করোনা বিপর্যয়ে হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি মানুষ বিপদে আছেন এই বিষয়ে কোনও ভ্রূক্ষেপ নেই! বরং এই সময়টাকে সুযোগ হিসেবে ব্যবহার করে, এখন যেহেতু (লকডাউনের মধ্যে) মানুষ বিক্ষোভ-টিক্ষোভ করবে না বা করতে পারবে না, এই সুযোগটাকে ব্যবহার করে যত পারো মানুষের উপরে চাপিয়ে দাও এটা কার্যত একেবারেই তার বন্দোবস্ত।’

করোনাজনিত লকডাউন মোকাবিলায় ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পে ২০ লাখ কোটির প্যাকেজ ঘোষণার শেষ কিস্তিতে আজ (রোববার) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, প্রশাসনিক খরচ কমানো, একই ক্ষেত্রে একাধিক সংস্থার উপস্থিতি কমাতে ঢালাও বেসরকারিকরণের রাস্তায় হাঁটবে সরকার। গত (বুধবার) থেকে দৈনিক ধাপে ধাপে ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের প্যাকেজ ঘোষণা করছেন নির্মলা সীতারামন। আজ (রোববার) পঞ্চম দফায় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে প্রায় সম্পূর্ণ বেসরকারিকরণের ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘নয়া আত্মনির্ভর ভারত প্রকল্পে সরকারি সংস্থাগুলোর জন্য নতুন নীতি ঘোষণা করা হবে। স্ট্র্যাটেজিক সেক্টরগুলোতে অন্তত একটি সংস্থাকে সরকারি হাতে রাখা হবে। বাকিগুলোতে বেসরকারি বিনিয়োগের অনুমোদন দেওয়া হবে।’ এসব ছাড়াও তিনি বিভিন্ন ঘোষণা করেছেন। অর্থমন্ত্রীর এ ধরণের ঘোষণাকে বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী তীব্র সমালোচনা করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।