কনটেইনমেন্ট জোনে জমায়েত: বিজেপি বিধায়কের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ
-
বিধায়ক বিশ্বজিৎ দাস
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে লকডাউনের মধ্যে কনটেইনমেন্ট জোন উপেক্ষা করে জমায়েত করার অভিযোগে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছে তৃণমূল। আজ (সোমবার) বনগাঁ শহর তৃণমূলের সভাপতি ও বনগাঁ পুরসভার চেয়ারম্যান ওই অভিযোগ জানিয়েছেন।
শঙ্কর বাবু তাঁর অভিযোগে মহকুমা শাসকের উদ্দেশ্যে জানান, ‘গত ১৬ মে বিজেপি’র পক্ষ থেকে আপনার দফতরে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি বিধায়ক বিশ্বজিৎ দাসসহ কমপক্ষে কয়েকশ’ মানুষকে জড়ো করে তাঁরা ওই প্রতিবেদন জমা দিয়েছেন। সেজন্য আমরা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই ঘটনার তীব্র নিন্দা করছি। বর্তমানে লকডাউন চলাকালে মহকুমা শাসকের দফতরটি কন্টেইনমেন্ট জোনের আওতায় পড়ে। এভাবে লকডাউন উপেক্ষা করে ডিজাস্টার ম্যানেজমেন্টের নিয়ম-বিধি লঙ্ঘন করে কীভাবে তাঁরা জমায়েত করতে পারে তা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে।’
বনগাঁ শহর তৃণমূলের সভাপতি শঙ্কর আঢ্য বিষয়টি তদন্ত করে বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানিয়েছেন।
এদিকে, ওই অভিযোগ নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এ নিয়ে বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস ওই অভিযোগকে সর্বৈব মিথ্যা বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, বিভিন্ন ইস্যুতে সামাজিক দূরত্ব বজায় রেখেই তারা মহকুমা শাসকের দফতরে স্মারকলিপি দিয়েছেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।