বিজেপিকে ‘জোকারের দল’ বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী
ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ‘জোকারের দল’ বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি আজ (শনিবার) বারাসতে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “বিজেপি রাজনৈতিক দলটি হল ‘জোকারের দল’। একদমই ‘জোকার’।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নাম না করে তিনি বলেন, “প্রথম লিডার থেকে শেষ লিডার পর্যন্ত দেখবেন। ওঁদের প্রথম লিডারের চালাকি দেখেছেন, পেট্রোল-ডিজেলের দাম বাড়াচ্ছেন। শেষ লিডার দেখেছেন, তিনি বলছেন, ‘বদলও চাই, বদলাও চাই’। তাহলে বিজেপিকে কী বলবেন, একে জোকারের দল ছাড়া কিছু বলা যায়? বাংলায় বসে বলা যায় যে ‘বদলা নেব’? বাংলার মানুষকে এত বোকা ভাবছেন ওঁরা?”
তিনি বলেন, “এই বাংলা বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণের বাংলা, সারদা মায়ের বাংলা। এই বাংলায় বদলা হয় না। ওঁরা যত বদলার কথা বলবে তত আমরা উন্নয়ন করে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত ৯ বছরের সময়কালে ব্যাপক উন্নয়ন করেছেন।”
জ্যোতিপ্রিয় বাবু বলেন, “আমাদের দলে শাসন হয়। শাসন করি আমরা। আমাদের কর্মীদের বকি। অন্য রাজনৈতিকদলের ক্ষমতা আছে? অন্য রাজনৈতিক দলের দুর্নীতি বিশেষ করে বিজেপি’র দুর্নীতি কোন পর্যায়ে আছে দেখুন না।”
‘বিজেপিতে ঘুন ধরে গেছে, ধাপে ধাপে একটা করে সিঁড়ি নামছে (বিজেপি থেকে তৃণমূলে যোগদান)। আগামী ডিসেম্বরের মধ্যে উত্তর ২৪ পরগণায় তাঁদের সমস্ত সিঁড়ি নেমে যাবে এবং প্রতি সপ্তাহে ওঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন বলেও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেন।
প্রসঙ্গত, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জেলার সমস্ত বিজেপি পঞ্চায়েত তৃণমূলে চলে আসবে বলে আগেই ঘোষণা করেছেন জ্যোতিপ্রিয় বাবু।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।