পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতির উপরে হামলার অভিযোগে ‘নবান্ন’ অভিযানের চেষ্টা
https://parstoday.ir/bn/news/india-i81110-পশ্চিমবঙ্গে_বিজেপি_সভাপতির_উপরে_হামলার_অভিযোগে_নবান্ন’_অভিযানের_চেষ্টা
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপরে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ (বুধবার) ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে। বিজেপি’র অভিযোগ, তৃণমূল ওই হামলার সঙ্গে জড়িত।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ০১, ২০২০ ১৫:০৬ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপরে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ (বুধবার) ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে। বিজেপি’র অভিযোগ, তৃণমূল ওই হামলার সঙ্গে জড়িত।

দিলীপ বাবুর অভিযোগ, তাঁর উপরে প্রায়ই হামলা হয়। তিনি বলেন, ‘আমি নিউটাউনে যেখানে থাকি সেই বাজারে চা খেতে গিয়েছিলাম। আমার কর্মীরা সেখানে অপেক্ষা করছিলেন। আমি সেখানে যাওয়ার আগেই চেয়ার ইত্যাদি ভেঙে দেওয়া হয়। ছবি ছিঁড়ে দেওয়া হয়। আমি পৌঁছনোর পরে আমাকে আটকানোর চেষ্টা হয়। আমাকে ঢুকতে দেওয়া হবে না বলে ধাক্কাধাক্কি করে। আমার নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি করা হয়। আমাদের কর্মীদের মারধর করা হয় এবং কারও কারও ফোন কেড়ে নেওয়া হয়েছে। এসময় বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভাঙা হয়েছে।’

এদিকে, রাজ্য সভাপতির উপরে হামলার অভিযোগে বিজেপি কর্মী-সমর্থকরা আজ রাজ্য সচিবালয় ‘নবান্ন’ অভিযান করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা সম্ভব হয়নি। এসময় দ্বিতীয় হুগলী সেতুতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পুলিশ প্রতিবাদকারীদের দ্বিতীয় হুগলী সেতু থেকে আটক করে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজেপির বিক্ষোভ

রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষের উপরে আক্রমণের খবর ছড়িয়ে পড়তেই দিল্লি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিলীপ বাবুকে ফোন করে খোঁজখবর নিয়েছেন।

বিজেপি নেতা দিলীপ ঘোষের উপরে হামলার ঘটনার নিন্দা করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

অন্যদিকে, তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, ‘দিলীপ ঘোষ ‘নাটক’ করছেন। আমাদের দলের কেউই এতে জড়িত নয়। করোনা আবহে দিলীপবাবুর এখানে আসা উচিত হয়নি। এই এলাকার বেশ কয়েকজন করোনায় আক্রান্ত। উনি বাজারে ঢুকে মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছেন। ফলে মানুষই তাঁকে পালটা জবাব দিয়েছে।’

তৃণমূলের সিনিয়র নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি রোজই শুনি অভিযোগ। কিন্তু আমাদের দলের পক্ষ থেকে প্রতিদিনই সেই কথাগুলো অস্বীকার করে বলা হয় এ ধরণের অভিযোগের সঙ্গে দল কোনোভাবে যুক্ত নয়। আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসের এখনই হিংসার পথে যাওয়ার কোনও প্রয়োজন নেই।’

এদিকে, দলীয় সভাপতির উপরে আক্রমণের ঘটনার প্রতিবাদ জানতে বিভিন্ন জেলায় বিজেপি কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।