আম্পানে ক্ষতিপূরণের দাবিতে বিজেপি পরিচালিত পঞ্চায়েত ঘেরাও তৃণমূলের
ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিপূরণের দাবিতে পশ্চিমবঙ্গের বাগদা ব্লকের কনিয়াড়া-২ পঞ্চায়েত ঘেরাও করে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস।
বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েতের বিরুদ্ধে আগে থেকেই ক্ষতিপূরণ ইস্যুতে স্বজনপোষণ ও অনিয়মের অভিযোগ উঠেছিল। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হওয়ার মধ্যে আজ (সোমবার) তৃণমূলের পক্ষ থেকে ওই পঞ্চায়েত ঘেরাও করে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং পঞ্চায়েত প্রধানের কাছে এ নিয়ে জবাবদিহি চাওয়া হয়।
এরআগে স্বজনপোষণ ও অনিয়মের অভিযোগে গত ৮ জুন ওই পঞ্চায়েতের বিরুদ্ধে বাগদা বিডিও অফিসে বিজেপি কর্মী-সমর্থকদেরই একাংশের মানুষজন স্মারকলিপি জমা দেন।
এদিন বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে আগে থেকেই পঞ্চায়েতের গেটের সামনে পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু ক্ষুব্ধ ও মারমুখী জনতা নারী-পুরুষ নির্বিশেষে ঝাঁটা উঁচিয়ে গেটের সামনে তেড়ে যান এবং তারা গেট ভাঙার চেষ্টা করেন। বিক্ষিপ্তভাবে কেউ কেউ ইট নিক্ষেপও করেন। এসময় উপস্থিত পুলিশ কর্মীদের সঙ্গে প্রতিবাদী জনতার মৃদু ধস্তাধস্তি হয়।
এ নিয়ে বাগদা বিধাসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও বাগদা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তরুণ ঘোষ জানান, ‘বিজেপি পরিচালিত কনিয়াড়া-২ পঞ্চায়েতে আমফান ঝড়ের ক্ষতিপূরণের যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে, মেম্বার, প্রধান, উপ-প্রধান তাঁদের স্বনামে-বেনামে নিজেদের আত্মীয়স্বজনদের অ্যাকাউন্টে প্রচুর টাকা ঢুকেছে। ওই ঘটনার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ জানাতে গিয়েছিল। আমাদের দাবি এখানে যারা ক্ষতিগ্রস্ত না অথচ তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাঁদের টাকা ফেরত দিতে হবে এবং ক্ষতিগ্রস্ত গরীব মানুষ যাদের নাম বাদ পড়েছে এমন একটাও মানুষের নাম যাতে বাদ না পড়ে তাঁদের নাম যাতে তালিকায় ওঠে সেই দাবিতে প্রতিবাদ-আন্দোলন হয়েছে। যতক্ষণ ওই দাবি না মানা হয়েছে ততক্ষণ এখানে ঘেরাও অবস্থান চলেছে। বেলা ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত একটানা বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।’
যদিও ইট নিক্ষেপের ঘটনায় তাঁদের দলের কেউ জড়িত নন এবং ওই ঘটনায় বহিরাগত কোনও লোক গোলযোগ সৃষ্টির লক্ষ্যে এটা করে থাকতে পারে বলে তৃণমূল নেতা তরুণ ঘোষ মন্তব্য করেন।
তিনি বলেন, পঞ্চায়েত প্রধানকে দু’দিন সময় দেওয়া হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত নন বা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নন এমন যারা ক্ষতিপূরণ পেয়েছেন তাঁদের আগামী বুধবারের মধ্যে সমস্ত টাকা ফেরত দিতে বলা হয়েছে। একইসঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম ক্ষতিপূরণের তালিকায় অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। পঞ্চায়েত প্রধান তৃণমূল প্রতিনিধিদের দাবি মেনে নিয়েছেন বলেও তরুণ বাবু জানিয়েছেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।