বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/india-i81272-বিজেপি_পরিচালিত_পঞ্চায়েতের_বিরুদ্ধে_দুর্নীতির_অভিযোগে_তৃণমূলের_বিক্ষোভ
আম্পান ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠল ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি পরিচালিত এক পঞ্চায়েতের বিরুদ্ধে। আজ (মঙ্গলবার) ওই ইস্যুতে গাইঘাটা ব্লকের ধর্মপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, ক্ষতিপূরণ বিতরণে পঞ্চায়েতের পক্ষ থেকে স্বজনপোষণ ও ব্যাপক অনিয়ম করা হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ০৭, ২০২০ ১৭:৩৬ Asia/Dhaka

আম্পান ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠল ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি পরিচালিত এক পঞ্চায়েতের বিরুদ্ধে। আজ (মঙ্গলবার) ওই ইস্যুতে গাইঘাটা ব্লকের ধর্মপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, ক্ষতিপূরণ বিতরণে পঞ্চায়েতের পক্ষ থেকে স্বজনপোষণ ও ব্যাপক অনিয়ম করা হয়েছে।

এদিন প্রতিবাদ-বিক্ষোভকে কেন্দ্র করে গোলযোগের আশঙ্কায় পঞ্চায়েতের গেট বন্ধ করে দিয়ে পুলিশ মোতায়েন করা হয়। যদিও উত্তেজিত জনতা কয়েক দফায় গেট ধরে ধাক্কাধাক্কি করে ভিতরে ঢোকার চেষ্টা করে। এসময় পুলিশ তাঁদেরকে বাধা দিয়ে সরিয়ে দেয়।

তৃণমূল সমর্থকদের ব্যাপক স্লোগান ও বিক্ষোভের মধ্যে একসময় পঞ্চায়েত ভবনের ছাদের ওপর থেকে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। প্রতিবাদী জনতা ওই ঘটনাকে কেন্দ্র ক্ষোভে ফেটে পড়েন। নীচের থেকেও পাল্টা ইট ছোঁড়ার চেষ্টা হলে দলীয় নেতা ও পুলিশ সদস্যরা তাঁদের থামিয়ে দেন। উভয়পক্ষের গোলযোগের মধ্যে ইটের আঘাতে এক সুপর্ণা ভট্টাচার্য নামে গাইঘাটা থানার এক পুলিশ সদস্যা আহত হন। তিনি ডান চোখে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন।

গাইঘাটার তৃণমূল নেতা গোবিন্দ দাস বলেন, ধর্মপুর-২ পঞ্চায়েতের প্রধান আম্পানে ক্ষতিপূরণ নিয়ে যে দুর্নীতি ও অনৈতিক কাজ করেছেন তার প্রতিবাদ জানানো হয়েছে। ক্ষতি হয়নি অথচ যারা টাকা পেয়েছেন তাঁদের অবিলম্বে টাকা ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। এসময় প্রধানের মদদে অসামাজিক লোকজন তাঁদের কর্মী-সমর্থকদের ওপরে হামলার চেষ্টা করেছে বলেও গোবিন্দ বাবু জানান।  

পঞ্চায়েত প্রধান নিলাদ্রী ঢালী পঞ্চায়েত ভবনের ছাদ থেকে ইট ছোঁড়ার কথা অস্বীকার করেছেন। পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও ক্ষতিপূরণ বিলিতে কিছু যে ‘ভুল হয়েছে’ তা স্বীকার করে নিয়েছেন।# 

পার্সটুডে/এমএএইচ/এআর/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।