পশ্চিমবঙ্গে বিজেপি বিধায়কের মৃত্যুকে 'হত্যা' বললেন দিলীপ ঘোষ, তদন্ত দাবি
-
দিলীপ ঘোষের নেতৃত্বে বিক্ষোভ মিছিল
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুকে ‘হত্যা’ বলে অভিহিত করে ওই ঘটনার কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে তদন্ত দাবি করেছেন। একইসঙ্গে তিনি হত্যার নেপথ্যে তৃণমূলের এক যুবনেতার নাম শোনা যাচ্ছে বলে দাবি করেছেন। এর শেষ দেখে ছাড়বেন বলেও দিলীপ বাবু মন্তব্য করেছেন।
আজ (সোমবার) সকালে উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার হয় এলাকার একটি দোকানের সামনে থেকে। পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা।
আজ দুপুরে রাজ্য পুলিশের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, ‘আজ সকালে হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃতদেহ রায়গঞ্জ, উত্তর দিনাজপুরের বালিয়া, দেবেন মোড়ের কাছে একটি মোবাইল দোকানের বারান্দার সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মৃতের জামার পকেট থেকে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে যাতে দু'জনের নাম উল্লেখ আছে। ঘটনাস্থলে পুলিশ কুকুর, ফরেনসিক এক্সপার্টদের নিয়ে যাওয়া হচ্ছে। মৃতদেহের ময়না তদন্ত হওয়া এখন বাকি আছে।’
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, জনসাধারণকে অনুরোধ করা যাচ্ছে যে তারা যেন কোনও প্রকার কল্পনাপ্রসূত ও পক্ষপাতমূলক চুড়ান্ত সিদ্ধান্তে উপনীত না হন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন।
এদিকে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তদন্ত দাবি করায় রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘পাগলে কি না বলে, ছাগলে কি না খায়’! মাথার মধ্যে করোনা ঢুকে রয়েছে যাদের তারা ভুলভাল মন্তব্য করে। আসলে ওনারা নিজেরা এত অন্যায় করেন, এনকাউন্টার থেকে আরম্ভ করে সবকিছুতে। স্বাভাবিক ঘটনাতেও ওনারা সিবিআই তদন্ত চাচ্ছেন। সিবিআই করে হবে টা কী? সিবিআইয়ের চেয়ে অনেক বেশি ঘটনার সমাধান করেছে আমাদের রাজ্য পুলিশ। সেজন্য আমরা প্রশাসনের উপরে ভরসা রাখব এবং এর মধ্যদিয়ে সঠিক তথ্য পাওয়া যাবে বলেও পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৩