বিহারে বিজেপির লোকেরা করোনা সংক্রমণ ছড়াচ্ছে: তেজস্বী যাদব
-
তেজস্বী যাদব
ভারতের বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, বিহারে বিজেপি’র লোকেরা করোনা সংক্রমণ ছড়াচ্ছে। তিনি আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় ওই মন্তব্য করেছেন।
বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব বলেন, বিহারে বিজেপি’র রাজ্য সভাপতি, সহ-সভাপতি এবং বিধায়করাসহ কিছু বড় নেতা সংক্রমিত হয়েছেন। বিহারে বিজেপি’র লোকেরা এই সংক্রমণ ছড়াচ্ছে। তাদের এমন স্বাস্থ্যমন্ত্রী যে নিজেদের উপ-মুখ্যমন্ত্রী এবং রাজ্য বিজেপি দফতরকে করোনার হাত থেকে রক্ষা করতে পারেননি। তাহলে বিহার ও সাধারণ মানুষকে কীভাবে রক্ষা করবে?’
তেজস্বী যাদব আরও বলেন, ‘বিহার বিজেপি’র একশ’ নেতার র্যানড্যাম নমুনা পরীক্ষা করার পরে ৭৫ নেতাকে পজিটিভ পাওয়া গেছে। ভেবে দেখুন যদি সবাইকে পরীক্ষা করা হয় তাহলে কত সংক্রমিত হবে? রাজ্যবাসীর উদ্দেশ্যে আবেদন- সংক্রমণ ছাড়ানো এই ‘বিশেষ জামাত’ থেকে দূরে থেকে নিজে, পরিবার ও রাজ্যকে সুরক্ষিত রাখুন।’
ভারতে করোনা ভাইরাস সংক্রমণের শুরুতে দিল্লিতে তাবলিগ জামাতের কিছু সদস্য করোনা সংক্রমিত হন। বিজেপি সেসময় তাবলিগ সদস্যদের বিরুদ্ধে করোনা ছড়ানোর মিথ্যা অভিযোগে সোচ্চার হয়েছিল। তেজস্বী যাদব সেই ঘটনার দিকে ইঙ্গিত করে বিজেপিকে ‘বিশেষ জামাত’ বলে কটাক্ষ করে তাদের থেকে দূরে থাকতে বলেছেন মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে, আজ এনডিটিভি জানিয়েছে, বিহার বিজেপি’র সভাপতি সঞ্জয় জয়সওয়াল করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর পরিবারের কিছু লোকও সংক্রমিত হয়েছে।
এরআগে বিহার রাজভবন এলাকাতেও ২০ জনের করোনা ধরা পড়েছে। মঙ্গলবার বিজেপি’র পাটনা দফতরের ২৫ জনকে করোনা সংক্রমিত পাওয়া গেছে।
ভারতে আজ (বুধবার) সকাল ৮ টা পর্যন্ত মোট ৯ লাখ ৩৬ হাজার ১৮১ জন করোনা আক্রান্ত হয়েছে। এবং ২৪ হাজার ৩০৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৪২৯ টি নয়া সংক্রমণ ৫৮২ জন প্রাণ হারিয়েছে। এ পর্যন্ত ৫ লাখ ৯২ হাজার ৩২ জন সুস্থ হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৯ হাজার ৮৪০।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।