পশ্চিমবঙ্গের বিধায়কের অস্বাভাবিক মৃত্যু: এবার প্রেসিডেন্টের কাছে চিঠি দিলেন মমতা
https://parstoday.ir/bn/news/india-i81470-পশ্চিমবঙ্গের_বিধায়কের_অস্বাভাবিক_মৃত্যু_এবার_প্রেসিডেন্টের_কাছে_চিঠি_দিলেন_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে এবার প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (বুধবার) মুখ্যমন্ত্রীর চিঠি প্রেসিডেন্টের হাতে তুলে দেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র ও রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ ব্রায়েন। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ১৫, ২০২০ ১৫:৩০ Asia/Dhaka
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে এবার প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (বুধবার) মুখ্যমন্ত্রীর চিঠি প্রেসিডেন্টের হাতে তুলে দেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র ও রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ ব্রায়েন। 

বিজেপি নেতারা ওই ঘটনাকে হত্যা বলে দাবি করেছেন এবং রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে গতকাল (মঙ্গলবার) প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে তাঁর কাছে রাজ্য সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেছেন। তাঁরা ওই ঘটনার কেন্দ্রীয় সংস্থা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। রাজনৈতিক সহিংসতা বাড়তে থাকার অভিযোগে বিজেপি রাজ্য সরকারকে বরখাস্ত করার দাবিও জানিয়েছে।

প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ

এবার বিজেপি’র পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে প্রেসিডেন্টকে বলেন, বিধায়কের মৃত্যুতে বিজেপি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রাজনৈতিক রং লাগাতে চাচ্ছে। গত (সোমবার) ওই বিধায়কের ঝুলন্ত লাশ উদ্ধার হওয়া প্রসঙ্গে মমতা বলেছেন, ‘ময়না তদন্তের রিপোর্ট এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, এটা একটা সম্ভাব্য আত্মহত্যার ঘটনা এবং স্থানীয় আর্থিক লেনদেনের সঙ্গে এর যোগ থাকতে পারে।’

মৃত বিধায়কের পকেট থেকে ‘সুইসাইড নোট’ এবং তাতে দু’জনের নাম পাওয়া গেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। যে আর্থিক লেনদেনের সঙ্গে এই মৃত্যুর যোগ থাকতে পারে বলে পুলিশ মনে করছে, সুইসাইড নোটে নাম থাকা দুই ব্যক্তি সেই লেনেদের সঙ্গেই যুক্ত বলে অভিযোগ, চিঠিতে সে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল নেতা ডেরেক ও’ ব্রায়েন বলেন, আর্থিক অসঙ্গতি এবং তার সঙ্গে দেবেন্দ্রনাথ রায়ের নাম জড়িয়ে থাকার বিষয়টি প্রেসিডেন্টের সামনে তুলে ধরা হয়েছে। রাজ্যের তদন্তকারীরা সবদিক খতিয়ে দেখছেন বলেও প্রেসিডেন্টকে জানিয়েছেন ডেরেক ও’ ব্রায়েন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।