পশ্চিমবঙ্গে ফিরোজ হত্যা: মৃত কিশোরীর বাবা ও দুই ভাই ১০ দিনের রিমান্ডে
ভারতের পশ্চিমবঙ্গের চোপড়ায় অস্বাভাবিকভাবে মৃত কিশোরীর বাবা ও দুই ভাইকে ফিরোজ আলী নামে এক কিশোরকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ধৃত মধু সিংহ এবং তার দুই ছেলে প্রিয়নাথ ওরফে কৃষ্ণ সিংহ ও অর্শনাথ সিংহের বিরুদ্ধে ফিরোজ আলীকে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছে।
আজ (মঙ্গলবার) ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হলে অতিরিক্ত বিচারবিভাগীয় আদালতের বিচারক মহুয়া রায় বসু তাদেরকে ১০ দিনের জন্য পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।
সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল বলেন, ‘ফিরোজ আলীকে অপহরণ করে হত্যার অভিযোগে ধৃত মধু সিংহ এবং তাঁর দুই ছেলে প্রিয়নাথ ওরফে কৃষ্ণ সিংহ ও অর্শনাথ সিংহের বিরুদ্ধে অপহরণ করে হত্যা ও প্রমাণ লোপাটের মামলা রুজু হয়েছে।’
পুলিশ সূত্রে প্রকাশ, মৃত ফিরোজ আলীর বাবা আমিরুল আলীর অভিযোগের ভিত্তিতেই মৃতা কিশোরীর বাবা ও দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার শচীন মক্কার বলেন, ‘ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে হত্যার ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।’
এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী’র অভিযোগ, ‘তৃণমূল ষড়যন্ত্র করে মৃতা কিশোরীর বাবা, দাদাকে হত্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করিয়েছে।’ তিনি এর শেষ দেখে ছাড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
গত (রোববার) ওই কিশোরীর মৃত্যুতে অভিযুক্তদের শাস্তির দাবিতে বিজেপি’র মদদে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন একদল বিক্ষুব্ধ মানুষজন। পুলিশ অবরোধ তুলতে গেলে তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপের অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। বিক্ষভকারীরা বাসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে অবরোধকারী জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি আয়ত্তে আনে।
গত (রোববার) সকালে চোপড়ার সোনাপুরে বাড়ির অদূরে এক নাবালিকার লাশ উদ্ধার হয়। ধর্ষণ ও হত্যার অভিযোগ তুলে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার। ওই ঘটনাকে কেন্দ্র করে পরের দিন এলাকার একটি নয়ানজুলি থেকে উদ্ধার হয় মূল অভিযুক্ত ফিরোজ আলী (১৬) নামে এক কিশোরের লাশ। ফিরোজ আলী ও মৃত ওই কিশোরী একই সঙ্গে পড়াশোনা করত।
গতকাল (সোমবার) মৃত ছাত্রের মা কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘শনিবার তিনজন আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। তারপরে আর ছেলে বাড়ি ফিরে আসেনি।’
রাজ্যের মন্ত্রী গৌতম দেব গতকাল (সোমবার) বিকেলে মৃত ওই কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পরে বলেন, ‘পুলিশ তদন্ত করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ধরণের ঘটনায় খুবই মর্মাহত। এখানকার মানুষ শান্তিপ্রিয়। আমি নিজে এসে ওই কিশোরীর মায়ের সঙ্গে, মামার সঙ্গে কথা বলেছি। ওনার জ্যাঠার সঙ্গেও কথা বলেছি। উনি বিস্তারিত জানিয়েছেন। তারা বলেছেন গ্রামে শান্তি চান। এখানকার গ্রামের স্থানীয় কোনও লোক গতকালের গোলযোগের মধ্যে ছিল না। বাইরে থেকে বিজেপি কিছু লোকজনকে নিয়ে এসে বিশেষ করে বালুরঘাট ও অন্যান্য জায়গা থেকে নিয়ে এসে অশান্তি সৃষ্টি করেছে। গাড়িতে অগ্নিসংযোগসহ সহিংস ঘটনা ঘটিয়েছে। অহেতুক এই ঘটনার রাজনৈতিক রঙ দিয়েছে বিজেপি।’
বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির অভিযোগ, চোপড়ায় তাদের সমর্থক পরিবারের এক নাবালিকা মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার পর তাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা।
কিশোরী মৃত্যু ইস্যুতে সহিংসতা প্রসঙ্গে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বলেন, ‘ছাত্রীর মৃত্যু অবশ্যই দুঃখজনক। পোস্টমর্টেম রিপোর্ট আসার আগেই কী করে জানা গেল যে ওই ছাত্রীকে ধর্ষণ কর হয়েছে? বিজেপি বহিরাগতদের নিয়ে এসে এলাকায় এদিন যা করেছে তা এলাকার জন্য উদ্বেগের! এফআইআর না করে এবং পোস্টমর্টেম রিপোর্ট আসার আগেই যা ঘটানো হল সাধারণ মানুষ তার জবাব দেবে।’
রোববার বিধায়ক হামিদুল রহমান বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, 'এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। মেয়েটি এবং ছেলেটি একই ক্লাসে পড়াশোনা করত। একই জায়গায় প্রাইভেট টিউশনিতেও যেত। ওদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। শুনলাম, গতকাল রাতে মেয়েটিই ছেলেটিকে ফোন করে ডেকে নিয়ে আসে। আজ সকালে মেয়েটির দেহ পাওয়া গেলেও ছেলেটি এখনও পর্যন্ত নিখোঁজ। মেয়েটির পরিবার তৃণমূলের সমর্থক। বিজেপি এই ঘটনায় রঙ চড়িয়ে ও উসকানি দিয়ে গোলমাল বাঁধানোর চেষ্টা করছে। পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ায় সে চেষ্টা সফল হয়নি। আমরা চাই ঘটনার পূর্ণতদন্ত করে আসল সত্য প্রকাশ করুক পুলিশ।'
এদিকে, যে ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে, বিশেষ করে বিজেপি ওই ইস্যুতে ময়দান উত্তপ্ত করার চেষ্টা করছে তা নিয়ে নাটকীয় মোড় নিয়েছে ময়না তদন্তের রিপোর্টে। মৃতা ওই কিশোরীকে ধর্ষণের পরে খুনের অভিযোগ করা হলেও ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কোনও প্রমাণই পাওয়া যায়নি। ময়নাতদন্ত অনুসারে, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ওই কিশোরীর।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।