বিজেপিকে ‘অসভ্য, বর্বর ও ধাপ্পাবাজের দল’ বললেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/india-i82673-বিজেপিকে_অসভ্য_বর্বর_ও_ধাপ্পাবাজের_দল’_বললেন_পশ্চিমবঙ্গের_খাদ্যমন্ত্রী
ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, বিজেপি মানুষের পাশে দাঁড়ায় না, ওঁরা প্রবঞ্চক ও ধাপ্পাবাজের দল!
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ৩০, ২০২০ ১৯:৪২ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, বিজেপি মানুষের পাশে দাঁড়ায় না, ওঁরা প্রবঞ্চক ও ধাপ্পাবাজের দল!

আজ (রোববার) দুপুরে তিনি হাবড়া বিধানসভা এলাকার কুমড়া-কাশীপুর ও মছলন্দপুর-২ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে সাম্প্রতিক অতিবৃষ্টিতে বানভাসী হওয়া এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সামনে ওই মন্তব্য করেন।        

জ্যোতিপ্রিয় বাবু বিজেপি’র জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘ওঁদের এক নেতা চাকরি দেওয়ার নাম করে কার কাছ থেকে টাকা-পয়সা নিয়েছিলেন। এগুলো হল অসভ্য, বর্বরতা। বিজেপি দলটাই প্রবঞ্চকের দল, ধাপ্পাবাজের দল! ধাপ্পাবাজি ছাড়া ওঁদের কোনও কাজ নেই! করোনা পরিস্থিতির মধ্যে মানুষের পাশে ওরা দাঁড়িয়েছে? একটা মাস্ক বিলি করেছে? কাউকে কী এক কেজি চাল দিয়েছে? একটু তেল বা ডাল দিয়েছে? দুঃসময়ে মানুষের পাশে না থাকলে ভোট পাওয়ার প্রত্যাশা আসে কীভাবে? মানুষ ওঁদেরকে ‘জিরো’ করে দেবে।’  

বিজেপি’র জেলা সভাপতির বিরুদ্ধে নারীদের সম্মানহানির যে অভিযোগ উঠেছে দলের একাংশের নেতা-কর্মীদের মধ্যে সে সম্পর্কে এক প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘উনি উন্মত্ত জীবনযাপন করেন। তিনি এত উন্মত্ত জীবনযাপন করেন যে বিজেপি’র মহিলারা আতঙ্কগ্রস্ত! তাঁরা পুলিশি নিরাপত্তা চাচ্ছেন! বারাসত পুলিশকে বলছে আমাদের প্রোটেকশন দিন, আমরা বাঁচতে চাই! ওই দলটা অসভ্যের দল, বর্বরের দল! হিংস্র দল।’  

গাইঘাটা, গোবরডাঙা, মছলন্দপুর, কুমড়া ও সংশ্লিষ্ট যেসব এলাকা নিষ্কাশন না হওয়ায় পানিমগ্ন হয়ে আছে তা নিরসনে অবিলম্বে ইছামতীকে যমুনার সঙ্গে যুক্ত করা হবে বলেও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।