'পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি চলছে, নির্বাচনে রাজ্য সরকারকে উৎখাত করতে হবে'
-
বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (জে পি নাড্ডা
বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (জে পি নাড্ডা) বলেছেন, পশ্চিমবঙ্গে তোষণ ও ভোট ব্যাঙ্কের রাজনীতি চলছে। আগামী বিধানসভা নির্বাচনে এই সরকারকে উৎখাত করতে হবে। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে টার্গেট করে তিনি আজ (বৃহস্পতিবার) এক ভার্চুয়াল সভায় ওই মন্তব্য করেন।
জে পি নাড্ডা বলেন, ‘গত ৫ আগস্ট রাম মন্দিরের ভূমিপুজো হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, একইদিনে মমতা দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) পশ্চিমবঙ্গে লকডাউন করেছিলেন। এভাবে তিনি কোটি কোটি মানুষের ইচ্ছাকে চূর্ণ করেছিলেন। এটি আলাদা বিষয় যে, ৩১ জুলাই ঈদের দিন লকডাউন তুলে নেওয়া হয়েছিল। এভাবে রাজ্যে শুধু তোষণের রাজনীতি ও ভোট ব্যাঙ্কের রাজনীতি চলছে।’
বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘২০১৯ সালে, আমরা ৪০ শতাংশ ভোট পেয়েছিলাম। বাংলার আশীর্বাদ পাওয়া গিয়েছিল। বন্ধুরা, আমাদের এই একই গতিতে চলতে হবে এবং আগামী বিধানসভা নির্বাচনে, তৃনমূল সরকারকে উৎখাত করে ছুঁড়ে ফেলতে হবে।। মমতা দিদি বাংলার মানুষ এবং কেন্দ্রের ভালো প্রকল্পগুলোর মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। প্রধানমন্ত্রী মোদি প্রদত্ত দরিদ্রদের জন্য পাঁচ লাখ টাকার মেডিকেল কভারেজ আয়ুষ্মান ভারতকে কেবল মমতা দিদির কারণে বাংলার যোগ্য মানুষ বঞ্চিত হচ্ছেন। উনি প্রধানমন্ত্রী কিষান ক্রেডিট কার্ডকে রাজ্যের কৃষকদের কাছে পৌঁছাতে দেননি, তাদের সুবিধাগুলি থেকে বাংলার কৃষকদের বঞ্চিত করেছেন।’
তৃণমূলের সমালোচনা করে বিজেপি নেতা জে পি নাড্ডা আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন প্রধানমন্ত্রী-গরীব কল্যাণ যোজনার আওতায় প্রত্যেককে খাবার সরবরাহ করার চেষ্টা করছেন, তখন তৃণমূল নেতারা রেশন চুরিতে ব্যস্ত ছিলেন। তারা দরিদ্রদের কাছ থেকে খাওয়ার কেড়ে নিচ্ছিল। এ ধরণের জনবিরোধী সরকারের অবশ্যই ক্ষমতায় থাকার কোন অধিকার নেই বলেও বিজেপি সভাপতি জে পি নাড্ডা মন্তব্য করেন।
এদিকে, তোষণের রাজনীতির অভিযোগ প্রসঙ্গে রাজ্যের সিনিয়র মন্ত্রী ও তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা যদি তোষণের রাজনীতি করি সেটা হল, মানুষকে দেখার রাজনীতি। মানুষকে উপেক্ষা করার রাজনীতি আমরা করি না। মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের সুরক্ষা, চাকরি, দু’হাতে কাজ, পেটে ভাত, মাথার ওপরে ছাদ-এটা আমাদের লক্ষ্য। যারা তোষণের রাজনীতির কথা বলছেন তারা কেবল রাজনীতি করার জন্যই রাজনীতি করছেন। প্রকৃত তথ্য নিয়ে আসছেন না।’#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।