‘আত্মনির্ভর বিহার’ কর্মসূচির সূচনা করলেন বিজেপি সভাপতি নাড্ডা, আরজেডি নেতা তেজস্বীর কটাক্ষ
https://parstoday.ir/bn/news/india-i83015-আত্মনির্ভর_বিহার’_কর্মসূচির_সূচনা_করলেন_বিজেপি_সভাপতি_নাড্ডা_আরজেডি_নেতা_তেজস্বীর_কটাক্ষ
ভারতের বিহার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ‘আত্মনির্ভর বিহার’ কর্মসূচির সূচনা করলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (জেপি নাড্ডা)। আজ (শনিবার) বিহারের রাজধানী পাটনাস্থিত দলীয় কার্যালয়ে তিনি এ ব্যাপারে আত্মনির্ভর বিহার ২০২০ ডটকম পোর্টালের সূচনা করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২০ ১৫:৩১ Asia/Dhaka
  • বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (জেপি নাড্ডা)
    বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (জেপি নাড্ডা)

ভারতের বিহার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ‘আত্মনির্ভর বিহার’ কর্মসূচির সূচনা করলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (জেপি নাড্ডা)। আজ (শনিবার) বিহারের রাজধানী পাটনাস্থিত দলীয় কার্যালয়ে তিনি এ ব্যাপারে আত্মনির্ভর বিহার ২০২০ ডটকম পোর্টালের সূচনা করেন।

জে পি নাড্ডা বলেন, ‘এক লাখ কোটি টাকা কৃষি খাতে ব্যয় করতে হবে।  বিপণনের জন্য সরবরাহের চেইন বাড়ান, গোডাউন  তৈরি করুন, সঞ্চয় ক্ষমতা বাড়ান। এই সমস্ত কাজ 'ভোকাল ফর লোকাল' ফর্মুলায় করুন। ওই কাজে বিজেপি কর্মীরা সহায়তা করুন। সমস্ত বিজেপি এমপি এবং বিধায়ককে 'আত্মনির্ভর ভারত' তৈরি করতে হবে।’ নীতীশ কুমারের নেতৃত্বে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে আমরা বিজয়ী হবো বলেও জে পি নাড্ডা মন্তব্য করেন।

বিহারের মন্ত্রী ও রাজ্যের সাবেক বিজেপি সভাপতি নন্দ কিশোর যাদব বলেন, ‘বিজেপি বিহারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ অভিযান শুরু করেছে। ওই অভিযানের নাম হল ‘আত্মনির্ভর বিহার’। এর মধ্যদিয়ে বিহার আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে শক্তিশালী হবে।’    

আরজেডি নেতা তেজস্বী যাদব

এদিকে, বিজেপি’র প্রচার অভিযানকে কটাক্ষ করে বিহার বিধানসভার বিরোধীদলনেতা ও আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন,  ‘বিজেপি আত্মনির্ভর বিহারের কথা বলেছে। কী হাস্যকর বক্তব্য এবং প্রচারণা! আমি তাদের পরামর্শ দিতে চাই যে বিহারে প্রথমে বিজেপিকে আত্মনির্ভর হওয়া উচিত। ২৪ বছর ধরে ধার করা মুখের উপর নির্ভরশীল। যে মুখটি ২০১৩ সালে বিজেপি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এবং ম্যান্ডেটকে অপমান করেছিল।’

তেজস্বী যাদব আরও বলেন, ‘দ্বিতীয়ত, বিহারে ১৫ বছর শাসনের পরে, এই লোকেরা দিব্যজ্ঞান পেয়েছে যে বিহারকে আত্মনির্ভর করতে হবে। ১৫ বছর তাদেরকে কে বাধা দিয়েছিল? তৃতীয়ত, দিল্লি থেকে পাটনা পর্যন্ত উপর থেকে নীচ পর্যন্ত তাদের সরকার আছে। কিন্তু তা সত্ত্বেও এতদিনেও আত্মনির্ভর হতে পারেনি কেন? প্রথমে পাটনা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দিয়ে আত্মনির্ভর করে তুলুন।’

তিনি বলেন, ‘গত ২০১৪ সালের নির্বাচনে ওঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের সরকার ক্ষমতায় এলে ‘বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা’ দেবেন। ২০১৫ সালের  নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল তারা সরকারে এলে  ফ্রি স্কুটি এবং দু’বছর পেট্রোল দেবেন। কিন্তু ওঁরা কিছুই দেননি।’ এইভাবে তারা বিহারকে আত্মনির্ভর করবে!  বিহারীরা এত বোকা নয় বলেও আরজেডি নেতা তেজস্বী যাদব মন্তব্য করেন#

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১২ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।