তৃণমূল এমপিদের হাথরসে যেতে উত্তর প্রদেশ পুলিশের বাধা, ধস্তাধস্তি
https://parstoday.ir/bn/news/india-i83538-তৃণমূল_এমপিদের_হাথরসে_যেতে_উত্তর_প্রদেশ_পুলিশের_বাধা_ধস্তাধস্তি
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল এমপিদের উত্তর প্রদেশের হাথরসে যেতে বাধা দিয়েছে পুলিশ। উত্তর প্রদেশের হাথরসে সম্প্রতি ধর্ষণ ও নির্যাতনের ফলে এক দলিত তরুণীর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) ক্ষতিগ্রস্ত ওই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানাতে যাচ্ছিলেন তৃণমূল এমপি’রা। কিন্তু উত্তর প্রদেশ পুলিশের প্রবল বাধার মুখে পড়তে হয় ওই প্রতিনিধিদলকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এক পর্যায়ে মাটিতে পড়ে যান তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন এমপি। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ০২, ২০২০ ১৪:২৪ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল এমপিদের উত্তর প্রদেশের হাথরসে যেতে বাধা দিয়েছে পুলিশ। উত্তর প্রদেশের হাথরসে সম্প্রতি ধর্ষণ ও নির্যাতনের ফলে এক দলিত তরুণীর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) ক্ষতিগ্রস্ত ওই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানাতে যাচ্ছিলেন তৃণমূল এমপি’রা। কিন্তু উত্তর প্রদেশ পুলিশের প্রবল বাধার মুখে পড়তে হয় ওই প্রতিনিধিদলকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এক পর্যায়ে মাটিতে পড়ে যান তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন এমপি। 

তৃণমূলের এমপি প্রতিনিধিদলে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, ডা. কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল ও মমতা ঠাকুর (সাবেক এমপি)। কিন্তু সংশ্লিষ্ট গ্রামে ঢোকার এক কিলোমিটার আগেই তাঁদের আটকে দেয় উত্তর প্রদেশ পুলিশের বিশাল বাহিনী। পরে তৃণমূল প্রতিনিধিদল ধর্না-অবস্থানে বসেন।

তৃণমূল এমপি’রা এদিন বুকে ‘বেটি (কন্যা) বাঁচাও, বেটি জ্বালাও, লজ্জিত হও’ ইত্যাদি লেখা সম্বলিত পোস্টার ঝুলিয়েছিলেন। ডেরেক ও’ ব্রায়েন পুলিশ কর্মকর্তাদের উদেশ্যে তৃণমূলের নারী এমপিদের দেখিয়ে বলেন, ‘ওঁরা এমপি।  আমাকে যেতে না দিলেও ওঁদেরকে যেতে দিন। ওঁদের কাছে কোনও অস্ত্র নেই। অন্তত নারী এমপিদেরকে সেখানে যেতে দিন। এসময়ে সাবেক এমপি মমতা ঠাকুর বলেন, মা হিসেবে এটা আমাদের যন্ত্রণা। আমাদেরকে সেখানে যেতে দিন।’ যদিও উত্তর প্রদেশ পুলিশ এসব কথায় কান দেয়নি।

পরে ক্ষুব্ধ তৃণমূল এমপি ডা. কাকলি ঘোষ দস্তিদার ব্যারিকেড করে থাকা পুলিশ সদস্যদের সামনে তীব্র ক্ষোভে ফেটে পড়ে বলেন, যে অপরাধীরা ধর্ষণ করেছে, তাকে হত্যা করেছে, সেই তরুণী যখন মারা গেল তখন আপনারা লাঠিসোটা, বন্দুক-টন্দুক নিয়ে কী করছিলেন? এই সরকারের লজ্জা হওয়া উচিত! আপনাদেরও সরকারকে বলতে হবে ওই কাজ মোটেও ভালো নয়। দেশে গণতন্ত্র বলে কিছু আছে। আপনাদের সকলের লজ্জা হওয়া উচিত!’

তৃণমূল সংসদ সদস্যা প্রতিমা মণ্ডল গুরুতর অভিযোগে বলেন, ‘আমার গায়ে হাত দিয়েছে পুরুষ পুলিশ! আমি তফশিলি সম্প্রদায়ের মানুষ। আজ গান্ধী জয়ন্তী। আজকের দিনে এক নারীর সঙ্গে যদি যোগী সরকারের পুলিশ এই ব্যবহার করে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, ভেবে দেখুন আপনারা।’

উত্তর প্রদেশের দলিত কিশোরীর ওই ঘটনাকে কেন্দ্র আজ লক্ষনৌতে সমাজবাদী পার্টির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সমাজবাদী সমর্থকরা ‘উত্তর প্রদেশে শাসন নয়, কুশাসন আছে’ লেখা সম্বলিত পোস্টার প্রদর্শন করেন। এসময়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। কানপুরে সমাজবাদী সমর্থকরা আজ মৌন মিছিল করেন। 

এদিকে, দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ আন্দোলনের মুখে আজ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, মা-বোনেদের সম্মানহানি করলে তাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে। সরকার মা-বোনেদের নিরাপত্তা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।# 

পার্সটুডে/এমএএইচ/এআর/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।