বিজেপি’র ‘নবান্ন’ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ
https://parstoday.ir/bn/news/india-i83703-বিজেপি’র_নবান্ন’_অভিযানকে_কেন্দ্র_করে_সংঘর্ষ_লাঠিচার্জ_কাঁদানে_গ্যাস_নিক্ষেপ
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে রাজ্য সচিবালয় ‘নবান্ন’ অভিযানকে কেন্দ্র করে রাজধানী কোলকাতা ও হাওড়ায় ব্যাপক গোলযোগ ও অশান্তির সৃষ্টি হয়েছে। রাজ্যে শিল্প, কর্মসংস্থান, আইনশৃঙ্খলাসহ একাধিক ইস্যুতে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আজ ‘নবান্ন’ অভিযানের ডাক দেওয়া হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ০৮, ২০২০ ১৬:১৮ Asia/Dhaka
  • বিজেপির \'নবান্ন চলো\' অভিযান
    বিজেপির \'নবান্ন চলো\' অভিযান

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে রাজ্য সচিবালয় ‘নবান্ন’ অভিযানকে কেন্দ্র করে রাজধানী কোলকাতা ও হাওড়ায় ব্যাপক গোলযোগ ও অশান্তির সৃষ্টি হয়েছে। রাজ্যে শিল্প, কর্মসংস্থান, আইনশৃঙ্খলাসহ একাধিক ইস্যুতে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আজ ‘নবান্ন’ অভিযানের ডাক দেওয়া হয়।

আজ (বৃহস্পতিবার) দুপুরে বিজেপি কর্মী-সমর্থকরা বিভিন্ন জায়গায় পুলিশি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় খণ্ডযুদ্ধ বেধে যায়। বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করলে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করার পাশাপাশি,  কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপসহ পানিকামান ব্যবহার করতে হয়। পুলিশকে লক্ষ্য করা বোমা নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ উঠেছে। বিক্ষোভে অংশগ্রহণ করা বলবিন্দর সিং নামে এক বিজেপি সমর্থকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এবং তিনি বিজেপি নেতা অর্জুন সিং শিবিরের লোক বলে পুলিশ জানিয়েছে।

ফিরহাদ হাকিম

ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের পুর ও নগোরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘বিজেপি কোনও রাজনৈতিক দল নয়, সন্ত্রাসবাদীদের দল। ওরা গুজরাটে, দিল্লিতে সন্ত্রাস করেছে। উত্তর প্রদেশে সন্ত্রাস চলছে। বাংলার শান্ত পরিবেশকেও ওরা নষ্ট করার চেষ্টা করছে। সেজন্য সন্ত্রাসবাদীদের ঠিক করতে যা যা ব্যবস্থা আমি পুলিশ প্রশাসনকে বলব সেইসব ব্যবস্থা নেওয়ার জন্য। তিনি আরও বলেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে বোমা নিক্ষেপ করা যায় না, মিছিল থেকে গুলি চলে না, বন্দুক থাকে না।’

বিজেপির মিছিল

রাজ্যের মন্ত্রী ও তৃণমূল মহিলা সংগঠনের নেত্রী চন্দ্রীমা ভট্টাচার্য বলেন, ‘বিজেপি এমন একটা রাজনৈতিক দল যাদের মিছিল থেকে বোমাবাজি হয়। আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এ থেকেই বোঝা যায় কোন উদ্দেশ্য নিয়ে তারা মিছিল করছিলেন।’ বাংলায় এসব করে বিজেপি কিছু করতে পারবে না বলেও চন্দ্রীমা ভট্টাচার্য মন্তব্য করেন।

অন্যদিকে, বিজেপি’র কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন, ‘পতন যখন অনিবার্য শাসকদল তখন এভাবেই দমিয়ে রাখতে চায়। পুলিশকে নির্লজ্জ দলদাসে পরিণত করে। জলকামান, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, অকথ্য অত্যাচার কোনোকিছুই ‘গেরুয়া সৈনিক’দের দমিয়ে রাখতে পারবে না। আমরা এগোবই। আমরা জিতবোই। আপনি আটকাতে পারবেন না মাননীয়া।’ বিজেপি’র দাবি, আজকের ঘটনায় তাদের এক হাজারের বেশি কর্মী-সমর্থক আহত ও পাঁচশোর বেশি সমর্থক গ্রেফতার হয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।