রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে- বাবুল সুপ্রিয়: পাল্টা কটাক্ষ সৌগত রায়ের
https://parstoday.ir/bn/news/india-i83777-রাষ্ট্রপতি_শাসনের_মতো_পরিস্থিতি_পশ্চিমবঙ্গে_বাবুল_সুপ্রিয়_পাল্টা_কটাক্ষ_সৌগত_রায়ের
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বাবুল সুপ্রিয় বলেছেন, যেরকম পরিস্থিতিতে কোনও রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ বা রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, পশ্চিমবঙ্গে সেই সমস্ত পরিস্থিতিই বর্তমান রয়েছে। আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১১, ২০২০ ১৭:৪০ Asia/Dhaka
  • বাবুল সুপ্রিয়
    বাবুল সুপ্রিয়

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বাবুল সুপ্রিয় বলেছেন, যেরকম পরিস্থিতিতে কোনও রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ বা রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, পশ্চিমবঙ্গে সেই সমস্ত পরিস্থিতিই বর্তমান রয়েছে। আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন।  

‘পশ্চিমবঙ্গে আল কায়দা সন্ত্রাসীদের উপস্থিতি’ দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তার উদ্দেশ্যে তোষণের রাজনীতি করার অভিযোগ করেন বাবুল সুপ্রিয়।

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়’র বক্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেন, ‘বাবুল রাজনীতিতে নতুন। উনি বম্বে থেকে লাফিয়ে রাজনীতিতে এসেছেন মাত্র ২০১৪ সালে। সংবিধানটা ওনার ভালো করে পড়া নেই। সংবিধানে আছে ৩৫৬ ধারা প্রয়োগ করতে গেলে আগে ৩৫৫ ধারায় অ্যাভাইসারি দিতে হয়। সেই অ্যাভাইসারি এখানে দেওয়া হয়নি।’

অধ্যাপক সৌগত রায় এমপি

সৌগত বাবু আরও বলেন, বাবুল সুপ্রিয় যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের কথা বলেন তাহলে (বিজেপিশাসিত) তো উত্তর প্রদেশে ডাবল রাষ্ট্রপতি শাসন করা উচিত।’

সৌগত রায় বলেন, ‘কয়েকটা লোককে ধরেছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ, সেজন্য রাষ্ট্রপতি শাসন হবে? মনীশ শুক্লা একজন বাহুবলী, নিজেদের ঝগড়ায় মারা গেছে, সেজন্য রাষ্ট্রপতি শাসন হবে? এর চেয়ে অযৌক্তিক কথা কিছু নেই। আসলে বাবুল সুপ্রিয় নিজ দলে গুরুত্ব প্রচার করার জন্য উনি অবাস্তব দাবি করেছেন। আমরা ওঁর দাবি প্রত্যাখ্যান করছি। ওই দাবিকে অবান্তর, অবাস্তব ও যুক্তিহীন বলে নিন্দা করছি।’

সম্প্রতি ব্যারাকপুরে বিজেপি নেতা মনীশ শুক্লা নিহত হওয়ার ঘটনায় রাজ্যে আইনশৃঙ্খলা প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত বলে মন্তব্য করেছিলেন। আজ আবারও গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাসন জারি করার পক্ষে সাফাই দিয়েছেন তিনি। যদিও তার ওই দাবিকে অবাস্তব ও যুক্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি।#        

পার্সটুডে/এমএএইচ/এআর/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।