বিজেপি দেওয়াল লিখন করলেও মানুষের অন্তরে মমতা রয়েছেন: জ্যোতিপ্রিয় মল্লিক
https://parstoday.ir/bn/news/india-i84819-বিজেপি_দেওয়াল_লিখন_করলেও_মানুষের_অন্তরে_মমতা_রয়েছেন_জ্যোতিপ্রিয়_মল্লিক
ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি দেওয়াল লিখন শুরু করলেও মানুষের অন্তরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তিনি আজ (রোববার) হাবড়ায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২২, ২০২০ ১৬:০৭ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
    পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি দেওয়াল লিখন শুরু করলেও মানুষের অন্তরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তিনি আজ (রোববার) হাবড়ায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপিকে টার্গেট করে বলেন, ‘ওরা যতই দেওয়াল লিখন করুক, যাকে খুশি প্রার্থী করুক, আমরা উত্তর ২৪ পরগণা জেলায় ৩৩ আসনের মধ্যে ৩৩ টিতেই জয়ী হবো। ওরা শত চেষ্টা করলেও ফলাফল হবে ৩৩-০।’

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি সম্পর্কে কটাক্ষ করে রাজ্যের খাদ্যমন্ত্রী বলেন, ‘দিলীপ বাবু খুব ভালো থাকুন, সুস্থ থাকুন কামনা করি। কিন্তু দিলীপ বাবু যেসব মন্তব্য করেন তার সুচিকিৎসার ব্যবস্থা করা উচিত। ওদের সর্বভারতীয় সভাপতির উচিত ওকে ‘এইমস’-এ ভর্তি করে ১৫/২০ দিন ধরে চিকিৎসা করানো। ওর একটা মুখের চিকিৎসা করতে হবে অর্থাৎ মুখ বন্ধের চিকিৎসা করা হোক। মুখ আর জিভটাই ওর সর্বনাশ করেছে! ওর উচিত বেফাঁস মন্তব্য না করে চুপচাপ কিছু দিন ঘরে বসে থাকা।’

জ্যোতিপ্রিয় মল্লিক আরও বলেন, ‘আমি মনে করি ওদের দলের অধিকাংশই পাগল, উন্মাদ। সেজন্য দিলীপ ঘোষের মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দিতে চাই না।’

তৃণমূল এমপি সৌগত রায়সহ ৫ এমপি দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিজেপি’র পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছে তাকে অবান্তর বলে উড়িয়ে দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।