পশ্চিমবঙ্গে সিণ্ডিকেটের রাজত্ব চলায় আলুর দাম বেড়েছে: দিলীপ ঘোষ
-
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, রাজ্যে গতবছর চাষিরা ৫ টাকা কেজি আলু বিক্রি করলেও এবছর ৪৫ টাকা/৫০ টাকা কেজি দরে কিনতে বাধ্য হচ্ছেন। আসলে রাজ্যে গরুর, কয়লা ইত্যাদির যে সিন্ডিকেট চলে তা বন্ধ হয়ে গেছে। কাটমানি আসছে না। সেজন্য গরুর টাকা, কয়লার টাকা পুষিয়ে দেওয়ার জন্য আলুর দাম বাড়াতে হয়েছে। তিনি আজ (রোববার) রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের সমালোচনায় কোলকাতায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সাধারণ মানুষের পকেট কেটে, লুঠ করে যারা নির্বাচনী তহবিল বানাচ্ছেন, যারা পকেট ভারী করছেন, আমার মনে হয় সিবিআই (কেন্দ্রীয় তদন্ত সংস্থা) বালি, কয়লা, পাথর, গরু নিয়ে যে অবৈধ উপার্জন তা বন্ধ হয়ে যাবে। সেজন্য সাধারণ মানুষের উপরে কোপ পড়ছে। সাধারণ মানুষের পকেট কেটে আলুর দাম বাড়িয়ে, পিঁয়াজের দাম বাড়িয়ে লুঠ করা হচ্ছে। যে পিঁয়াজ গতবছর গঙ্গার ওপারের লোকেরা ২ টাকা কেজি বিক্রি করেছে চাষিরা। এরফলে চাষিরা আত্মহত্যা করেছেন। আজকে সেই পিঁয়াজ ৮০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। এটি হল কৃত্রিম উপায়ে সৃষ্টি করা সঙ্কট। সাধারণ মানুষদের পকেট কেটে যে লুঠ করার চেষ্টা চলছে, তা কেবল নির্বাচনের জন্য হচ্ছে। অন্য রাজ্যে আগে পিঁয়াজের দাম বাড়ত। সেই রোগ এখন পশ্চিমবঙ্গে এসে গেছে। সাধারণ মানুষের কষ্টের সীমা নেই।
‘নির্বাচন যত এগিয়ে আসবে এই সরকারের প্রশাসনের উপর থেকে, দলের উপর থেকে নিয়ন্ত্রণ চলে যাবে। সেজন্য এর প্রতিকার হওয়া উচিত’ বলেও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি মন্তব্য করেন। #
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।