বিজেপি সরকার দেশকে বিক্রি করতে চায় : ডা. কাকলি ঘোষ দস্তিদার
-
ডা. কাকলি ঘোষ দস্তিদার
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী ডা. কাকলি ঘোষ দস্তিদার এমপি বলেছেন, কেন্দ্রীয় বিজেপি সরকার দেশকে বিক্রি করে দিতে চাচ্ছে। তিনি আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
রাজ্য তৃণমূলের নারী শাখা বঙ্গ জননী বাহিনীর সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘কেন্দ্রীয় সরকার কৃষি সংক্রান্ত নয়া আইনের মধ্যদিয়ে কৃষি বিষয়ক কমিটিকে এড়িয়ে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করতে চাচ্ছে। অর্থাৎ রাজ্য থাকবে না, রাজ্যের কমিটি জানবে না। কে সবটা নিয়ন্ত্রণ করবে? প্রকারান্তরে বহুজাতিক সংস্থা নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ, ভারতবর্ষকে বহুজাতিক সংস্থার হাতে বিক্রি করে দেওয়ার একটা চক্রান্ত চলছে! এ দেশের মাটি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ভারতের কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি, যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনও ভূমিকা নেয়নি, তারা আজকে স্বাধীন ভারতকে পরাধীন করতে চাচ্ছে। সেজন্য আমরা কৃষি আইনের বিরোধিতা করছি।’
অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘জোর করে কৃষি জমি অধিগ্রহণ করা যাবে না, এই দাবি নিয়ে ১৪ বছর আগে, ২০০৬ সালের ৪ ডিসেম্বর, কোলকাতায় ২৬ দিনের অনশনে বসেছিলাম। বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই ‘রাক্ষুসে কৃষি আইন’ পাস করেছে কেন্দ্রীয় সরকার। এই আইনের প্রতিবাদে আন্দোলনকারী কৃষকদের প্রতি আমার সহমর্মিতা জানাচ্ছি।’
মমতা আজ ফোনে আন্দোলনরত কৃষক নেতাদের সঙ্গে কথা বলেন । মমতা বলেন, কৃষকদের দাবি ন্যায়সঙ্গত। তিনি ডেরেক ও’ব্রায়েন এমপিকে আন্দোলনরত কৃষকদের কাছে পাঠিয়েছেন। তৃণমূলের প্রতিনিধি হিসেবে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেন ডেরেক ও'ব্রায়েন। কেন্দ্রীয় সরকারের তৈরি করা কৃষি সংক্রান্ত তিনটি আইন বাতিলের দাবিতে দিল্লি, হরিয়ানা ও আশেপাশের এলাকায় একটানা কয়েকদিন ধরে আন্দোলন করছেন কৃষকরা। #
পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।