বেআইনি কৃষি বিল প্রত্যাহার করো, অথবা বিজেপি সরকার ভারত ছাড়ো: মমতা বন্দ্যোপাধ্যায়
-
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারকে টার্গেট করে বলেছেন, ‘বেআইনি কৃষি বিল হয় প্রত্যাহার করো, না হয় বিজেপি সরকার ভারত ছাড়ো। আজকে শুধু আমরা একা নই, সারা ভারতবর্ষ একই কথা বলছে।’ তিনি আজ (সোমবার) মেদিনীপুরে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি কৃষি সংক্রান্ত যে তিনটি আইন করেছে তা কৃষকদের স্বার্থ বিরোধী বলে অভিযোগ করে অবিলম্বে ওই আইন প্রত্যাহার করার দাবি জানাচ্ছেন বিভিন্ন কৃষক সংগঠন। দিল্লি এবং দিল্লি সংলগ্ন আশেপাশের রাজ্য সীমান্তে ওই ইস্যুতে একটানা আন্দোলন করে যাচ্ছেন কৃষকরা। সরকার পক্ষের সঙ্গে কৃষক নেতাদের কয়েকদফা আলোচনা হলেও সমস্যার কোনও সমাধান হয়নি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিজেপি-সিপিএম-কংগ্রেসের সমালোচনা করলেও মূলত বিজেপিকে টার্গেট করে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, ‘সিপিএম-কংগ্রেস আর বিজেপি, ঘোলাজলে মাছ ধরতে নেমেছো। ভাবছো এভাবেই চলবে। শুধু গালাগালি দিয়ে বেড়াচ্ছ। অনেক টাকা, টাকা ছড়িয়ে বেড়াচ্ছ। দাঙ্গা লাগাচ্ছো, মিথ্যে কথা বলছো, কুৎসা করছ, চক্রান্ত করছো, অপপ্রচার করছো, সরকার ভাঙছো, দল ভাঙছো, ঘর ভাঙছো, মানুষের ভালোবাসা ভাঙছো। কিন্তু জেনে রেখে দাও ভারতবর্ষের মাটি থেকে তোমাদের উৎখাত হওয়ার সময় চলে এসেছে। আগে নিজেদের বাঁচাও!’
কেন্দ্রীয় সরকার দেশের রেলওয়ে, কয়লা ক্ষেত্র, এয়ার ইন্ডিয়া, প্রতিরক্ষা ক্ষেত্র, ব্যাঙ্ক ইত্যাদি বেসরকারিকরণ অথবা বিক্রি করে দিচ্ছে বলে উল্লেখ করে মমতা এদিন উদ্বেগ প্রকাশ করেন। এসবের বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে বলেও মমতা এদিন জানিয়ে দেন।
মমতা বিজেপির উদ্দেশ্যে বলেন, ‘বাংলা আজকে ভালো আছে। তাই বাইরের গুণ্ডাদের নিয়ে এসে, বহিরাগতদের নিয়ে এসে তোমরা বাংলা দখল করতে চাও! অত সস্তা নয়। বহিরাগতদের আমরা বাংলা দখল করতে দেবো না, দেবো না, দেবো না।’
বিজেপি’র ঔদ্ধত্য ভাঙতে মা-বোনেরাই যথেষ্ট। প্রয়োজনে তারা হাতা-খুন্তি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ওদের মোকাবিলা করবে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। #
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।