‘করোনার চেয়ে ভয়ঙ্কর ভাইরাস তৃণমূল কংগ্রেস’ পশ্চিমবঙ্গ থেকে বিদায় হবে: দিলীপ ঘোষ
https://parstoday.ir/bn/news/india-i85901-করোনার_চেয়ে_ভয়ঙ্কর_ভাইরাস_তৃণমূল_কংগ্রেস’_পশ্চিমবঙ্গ_থেকে_বিদায়_হবে_দিলীপ_ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে করোনার চেয়ে ‘ভয়ঙ্কর ভাইরাস তৃণমূল কংগ্রেস’ রাজ্য থেকে বিদায় হবে। তিনি আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে দলীয় জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ০৮, ২০২১ ১৫:২২ Asia/Dhaka
  • দিলিপ ঘোষ
    দিলিপ ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে করোনার চেয়ে ‘ভয়ঙ্কর ভাইরাস তৃণমূল কংগ্রেস’ রাজ্য থেকে বিদায় হবে। তিনি আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে দলীয় জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেছেন।

বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘২০২১ সালে নতুন বছরে, নতুন আশা, ‘নতুন সরকার’ নিয়ে পশ্চিমবঙ্গ এগোবে এবং বাংলার সর্বাঙ্গীণ বিকাশের মধ্য দিয়ে নতুন বাংলা হবে। এ প্রসঙ্গে তিনি রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করে বলেন, ‘করোনার চেয়ে ‘ভয়ঙ্কর ভাইরাস তৃণমূল কংগ্রেস’ রাজ্য থেকে কবে বিদায় হবে আমি বলে দিচ্ছি, তার ভ্যাকসিন আমরা আবিষ্কার করে ফেলেছি। আর সেটা আগামী মে মাসের ২০ তারিখের পরে অবশ্যই চলে যাবে, আর টিএমসি (তৃণমূল কংগ্রেস) বলে কোনও ‘ভাইরাস’ পশ্চিমবঙ্গে থাকবে না। নন্দীগ্রামের মানুষদের উৎসাহ উদ্দীপনা দেখে আমারও বিশ্বাস  হয়ে গেছে, টিএমসির যাওয়ার দিন এসে গেছে। আর নতুন সরকার এসে নতুন বাংলা তৈরি করবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দুশো আসনে জয়ী হবে নবান্নে (রাজ্য সচিবালয়) আমাদের মুখ্যমন্ত্রী বসবেন। এবং সোনার বাংলা আমরা গড়ে তুলব।’

‘সারা ভারতবর্ষে আজ উগ্রপন্থি নেই। বোমা, বন্দুকের আওয়াজ নেই, খুন নেই। কিন্তু পশ্চিমবঙ্গের জেলায় জেলায় উগ্রপন্থি ধরা পড়ছে। জেলায় জেলায় বোমা বিস্ফোরণ হচ্ছে। জেলায় জেলায় বন্দুকের কারখানা ধরা পড়ছে। বাংলাদেশের সিমি, জামাত, আলকায়েদা, জেএমবি’র টেরোরিস্টরা এখানে ধরা পড়ছে। এই বাংলা আমরা চাইনি।’

নন্দীগ্রামের জনসভায় আজ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি’র পাশাপাশি দলটির কেন্দ্রীয় ও রাজ্যের নেতারা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সোচ্চার হন। এবং আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তনের মধ্য দিয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৮