ভারতে দেশজুড়ে করোনা ভ্যাকসিন প্রদানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
https://parstoday.ir/bn/news/india-i86062-ভারতে_দেশজুড়ে_করোনা_ভ্যাকসিন_প্রদানের_সূচনা_করলেন_প্রধানমন্ত্রী_নরেন্দ্র_মোদি
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিহত করতে দেশজুড়ে করোনা ভ্যাকসিন প্রদানের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ (শনিবার) ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রযুক্তি নিয়ে সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, এই দু’টি প্রতিষেধক নিয়েই দেশে ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ১৬, ২০২১ ১৫:২১ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিহত করতে দেশজুড়ে করোনা ভ্যাকসিন প্রদানের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ (শনিবার) ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রযুক্তি নিয়ে সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, এই দু’টি প্রতিষেধক নিয়েই দেশে ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়েছে।

আজ শনিবার সকালে এক ভিডিয়ো বার্তায় এতকম সময়ের  মধ্যে নোভেল করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করায় তিনি গবেষক এবং  বিজ্ঞানীদের ধন্যবাদ জানান। করোনা ভ্যাকসিন প্রদান শুরু হলেও, সংক্রমণ থেকে  বাঁচতে আগের মতোই সতর্কতা অবলম্বন করতে হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলায় কোনও ঢিলেমি চলবে না বলে প্রধানমন্ত্রী আজ সাফ জানান। 

প্রধানমন্ত্রী আজ দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আমার অনুরোধ, টিকাকরণ শুরু হয়েছে বলে আপনারা মাস্ক খুলে ফেলা বা সামাজিক দূরত্ব বিধি লঙ্ঘনের ভুল করবেন না। প্রথম ডোজ নেওয়ার পরেও সতর্ক  থাকতে হবে। কারণ, দ্বিতীয় ডোজ না নেওয়া পর্যন্ত শরীরে পুরোপুরি প্রতিরোধ  ক্ষমতা গড়ে ওঠে না। সেজন্য আমাদের প্রতিষেধক এবং কঠোর নিয়মানুবর্তিতা, দুই নীতি মেনেই  চলতে হবে।’

এদিকে, দিল্লির অন্যতম বৃহত্তম চিকিৎসা কেন্দ্র রাম মনোহর লোহিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসকরা হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্টকে চিঠি লিখে ‘কোভ্যাকসিন’ নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন।

গণমাধ্যমে প্রকাশ,  হাসপাতালের আবাসিক চিকিৎসক সংগঠনের ভাইস-প্রেসিডেন্ট নির্মাল্য মহাপাত্র বলেন, হাসপাতালের বহু চিকিৎসকই টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করেননি। তিনি বলেন, ‘কোভ্যাকসিন নিয়ে সংশয় রয়েছে আমাদের। পরীক্ষাই সম্পূর্ণ হয়নি। তারচেয়ে ‘কোভিশিল্ড’-এর উপরে আমাদের আস্থা বেশি।’

তিনটি ধাপে পরীক্ষা সম্পূর্ণ হওয়ার আগেই ‘কোভ্যাকসিন’কে ছাড়পত্র দেওয়া হল কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধী শিবিরের  রাজনীতিকসহ  দেশের বিখ্যাত চিকিৎসক ও গবেষকরাও কোভ্যাকসিনের  কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অবশ্য বার বার ‘গুজব’-এ কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। #    

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।