ইরানের ভয়ে নেতানিয়াহুর সফর অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত: ইসরায়েলি গণমাধ্যম
https://parstoday.ir/bn/news/west_asia-i159396-ইরানের_ভয়ে_নেতানিয়াহুর_সফর_অস্বীকার_করেছে_সংযুক্ত_আরব_আমিরাত_ইসরায়েলি_গণমাধ্যম
পার্সটুডে- ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ইরানের ভয়ে নেতানিয়াহুর আরব দেশটিতে সফরের বিষয়টি অস্বীকার করেছে।
(last modified 2026-05-15T04:22:06+00:00 )
মে ১৫, ২০২৬ ১০:১৯ Asia/Dhaka
  • ইরানের ভয়ে নেতানিয়াহুর সফর অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত
    ইরানের ভয়ে নেতানিয়াহুর সফর অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত

পার্সটুডে- ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ইরানের ভয়ে নেতানিয়াহুর আরব দেশটিতে সফরের বিষয়টি অস্বীকার করেছে।

তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে,  সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি চ্যানেল-১২ টেলিভিশনের সাথে গোপন বৈঠকের খবর অস্বীকার করলেও, এই অস্বীকারের কারণ হলো আবুধাবির আশঙ্কা, ইসরায়েলের সাথে পর্দার আড়ালের সমন্বয়ের বিষয়টি প্রকাশ্যে এলে তেহরানের সাথে উত্তেজনা আরও বেড়ে যাবে।

আল-মায়াদিনের মতে, এই বিতর্কের সূত্রপাত হয় যখন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, ইরানের উপর হামলার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী গোপনে সংযুক্ত আরব আমিরাতে সফর করেছেন এবং এই সফরকে দুই পক্ষের সম্পর্কের ক্ষেত্রে একটি "ঐতিহাসিক অর্জন" হিসেবে বর্ণনা করা হয়। তবে, সংযুক্ত আরব আমিরাত তাৎক্ষণিকভাবে এ সংক্রান্ত খবর অস্বীকার করে।

ইরানি প্রতিশোধের আশঙ্কা

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা এ কারণে উদ্বিগ্ন যে, ইসরায়েলের সাথে গোয়েন্দা ও নিরাপত্তা সমন্বয়ের বিষয়টি প্রকাশ পেলে এই ধারণাটি আরও জোরালো হতে পারে আবুধাবি ইরানি আগ্রাসনে সরাসরি জড়িত।

চলতি মাসের শুরুতে ফুজাইরাহ বন্দরে হামলার পর এই সংবেদনশীলতা আরও বেড়ে যায়, যে হামলা ইরান অস্বীকার করে এবং এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে। এই ঘটনা সংযুক্ত আরব আমিরাতে এই আশঙ্কা তৈরি করেছে যে ইসরায়েলের সাথে তার কৌশলগত জোট দেশটিকে সরাসরি ইরানি প্রতিশোধের মুখে ফেলতে পারে।

ফুজাইরাহ হরমুজ প্রণালীর বাইরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-জ্বালানি ও রসদ সরবরাহ ঘাঁটি এবং এটি বৈশ্বিক জ্বালানি বাজার ও নৌপথের জন্য একটি অত্যাবশ্যকীয় অবকাঠামো।

অস্বীকার সত্ত্বেও ব্যাপক সামরিক সমন্বয়

সংযুক্ত আরব আমিরাত সরকারিভাবে অস্বীকার করার পরও, ইসরায়েলি ও পশ্চিমা মিডিয়াগুলো যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সমন্বয়ের ইঙ্গিত দিয়েছে। প্রতিবেদনে আরো এসেছে, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সাহায্য করার জন্য ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আয়রন ডোম সিস্টেম এবং সেনা মোতায়েন করেছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।