আমি বেঁচে থাকতে বাংলাকে বিক্রি হতে দেবো না : মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i86111-আমি_বেঁচে_থাকতে_বাংলাকে_বিক্রি_হতে_দেবো_না_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি বেঁচে থাকতে বাংলাকে বিক্রি হতে দেবো না। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে দলীয় জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৮, ২০২১ ১৫:৩৫ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি বেঁচে থাকতে বাংলাকে বিক্রি হতে দেবো না। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে দলীয় জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সমালোচনা ও তীব্র কটাক্ষ  করে বলেন, ‘বিজেপি’র নেতারা দিল্লি থেকে বলছেন, হয় জেলে, না হয় ঘরে। তৃণমূল করলে জেলে ভরবে। আর বিজেপি হল ‘ওয়াশিং মেশিন’। ‘কালো’ হয়ে ঢুকবে, আর ‘সাদা’ হয়ে বেরিয়ে চলে আসবে। ‘ওয়াশিং পাউডার  ‘ভাজপা’ (ভারতীয় জনতা পার্টি/বিজেপি)। এই তো হয়ে গেছে আজকাল। কালোটা সাদা, আর সাদাটা কালো!’ 

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী ও  অন্যদের উদ্দেশ্যে মমতা বলেন, ‘আমার অনেক শুভেচ্ছা থাকবে, অনেক অভিনন্দন থাকবে। তোমরা প্রধানমন্ত্রী হও, তোমরা রাষ্ট্রপতি হও। উপ-রাষ্ট্রপতি হও। কিন্তু দয়া করে বাংলাকে বিক্রি করতে যেও না। ভারতবর্ষের নেতা হও,  সারা পৃথিবীর নেতা হও। কিন্তু আমি বেঁচে থাকতে বাংলাকে বিক্রি করতে বিজেপিকে দেবো না, দেবো না, দেবো না। এটা আমাদের শপথ, অঙ্গীকার, প্রতিজ্ঞা এবং আমাদের চ্যালেঞ্জ।’

মমতা বলেন, ‘বিজেপি হাজার হাজার কোটি টাকার মালিক। ওরা মিথ্যে কথা বলে কুৎসা রটায়। অপপ্রচার করে। ওরা ‘ফেক ভিডিও’ বানিয়ে ছেড়ে দিচ্ছে। সব    হোয়াটসঅ্যাপ বিশ্বাস করবেন না। সব ‘ফেক’। ওদের চক্রান্তের কাছে কী আপনারা মাথানত করবেন? বিজেপির  ‘ফেক ভিডিও’ বিশ্বাস করবেন? ওরা ‘আইটি সেল-এর নামে টাকার বিনিময়ে লালকে সাদা আর সাদাকে কালো করছে!’     

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আরও বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল জয়ী হবে। এবং এখান থেকেই তৃণমূলের জয়যাত্রা শুরু হবে। মমতা এদিন নিজেই নন্দীগ্রাম আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় উপস্থিত জনতা উচ্ছ্বাসের সঙ্গে তাঁকে স্বাগত জানান।

সম্প্রতি রাজ্যের সাবেক মন্ত্রী ও নন্দীগ্রামের সাবেক বিধায়ক এবং প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল। কিন্তু এবার মুখ্যমন্ত্রী নিজেই নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ জানালেন।  তাঁর ওই পরিকল্পনাকে মাস্টার স্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।#         

পার্সটুডে/এমএএইচ/এমিবএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।