পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারকে উপড়ে ফেলা হবে: অমিত শাহ
https://parstoday.ir/bn/news/india-i86662-পশ্চিমবঙ্গে_ক্ষমতাসীন_তৃণমূল_সরকারকে_উপড়ে_ফেলা_হবে_অমিত_শাহ
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপি’র সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে এবং রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে উপড়ে ফেলা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ৩১, ২০২১ ১৬:০২ Asia/Dhaka
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপি’র সিনিয়র নেতা অমিত শাহ
    ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপি’র সিনিয়র নেতা অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপি’র সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে এবং রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে উপড়ে ফেলা হবে।

তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের ডুমুরজলায় দলীয় ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে অমিত শাহ বলেন, বাংলার মানুষকে উনি বোকা বানাচ্ছেন। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে পিছিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের সরকার ‘অনুপ্রবেশকারীদের’ ঢোকার পথ করে দিয়েছে। অনুপ্রবেশ রুখতে পারবে না তৃণমূল সরকার।’

তৃণমূল থেকে বেশ কিছু নেতা-মন্ত্রী দলত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে অমিত শাহ বলেন, ‘নির্বাচন আসতে আসতে মমতা একা হয়ে যাবেন, পাশে কেউ থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই  নীতি,  ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো। মোদীজির নেতৃত্বে বাংলায় পরিবর্তন নিশ্চিত। বিজেপি সরকার বাংলাকে সুরক্ষিত করবে। কৃষকদের আয় যাতে দ্বিগুণ হয়, বিজেপি সেটা দেখবে।’

অমিত শাহকে পাল্টা আক্রমণ করে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ‘আমাদের দল গণতান্ত্রিক। আমরা গণতন্ত্র মেনেই চলি। উনি বরং নিজের কথা ভাবুন। জয় শাহকে কী করতে চাইছে ভাবুন।’

এ প্রসঙ্গে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেন, ‘এরা নুন্যতম প্রশাসনিক সভ্যতা জানে না। এসব লোক কী করে স্বরাষ্ট্র মন্ত্রী হয় আমি জানি না। আমরা ঠিক পথে চলছি। অমিত শাহ ভূত হয়ে বলুন, ভার্চুয়ালি বলুন অথবা মানব শরীরে এসে বলুন তাতে আমাদের কিছু এসে যায় না।’ এ রাজ্যের মানুষ অমিত শাহ কে প্রত্যাখ্যান করবে, মোদিকেও প্রত্যাখ্যান করবে’ বলেও অধ্যাপক সৌগত রায় এমপি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।