বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে 'ফালতু লোক' বললেন তৃণমূল এমপি সৌগত রায়
https://parstoday.ir/bn/news/india-i86768-বিজেপি_নেতা_শুভেন্দু_অধিকারীকে_'ফালতু_লোক'_বললেন_তৃণমূল_এমপি_সৌগত_রায়
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ‘গাদ্দার’, ‘ফালতু লোক’ বলে সমালোচনা করলেন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি। তিনি আজ (মঙ্গলবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২১ ১৬:২৬ Asia/Dhaka
  • সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী
    সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ‘গাদ্দার’, ‘ফালতু লোক’ বলে সমালোচনা করলেন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি। তিনি আজ (মঙ্গলবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি মন্ত্রিত্ব ছেড়ে দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের সমালোচনায় সোচ্চার হয়েছেন। একইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাকে ‘ভাইপো’ বলে উল্লেখ করে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন। তাকে তোলাবাজ বলেও অভিযোগ করেছেন।  

এ প্রসঙ্গে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি আজ বলেন, ‘শুভেন্দু অধিকারী একজন ‘ফালতু লোক’, ফেক লোক, দলবদলু, গাদ্দার, বিশ্বাসঘাতক। ওর কথার বেশি জবাব দিয়ে আমি ওকে গরিমা দিতে চাই না। উনি এখন বিজেপিতে গিয়েছেন, সুতরাং উনি একটি বেশি বলবেন। এখনও পর্যন্ত ওরা কোনও প্রমাণ অভিষেকের বিরুদ্ধে দিতে পারেননি। এমনকি  অভিষেকের নাম নেওয়ার সাহস পর্যন্ত নেই। আমি শুভেন্দুর মন্তব্যকে উপেক্ষা করছি।’

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বারুইপুরে আজ এক সমাবেশ বক্তব্য রাখার সময়ে তৃণমূলের সমালোচনা করে বলেন, ‘তৃণমূল তো একটা রাজনৈতিক দল নয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি। দু’জন মিলে দল চালান। তাদের একজন হলেন তথাকথিত  ‘ভাইপো’।’ তৃণমূল  চাল চোর,  আম্ফানের টাকা চোর, কয়লা চোর বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।