বিজেপি দেশের সর্বনাশ করেছে, দেশকে বিক্রি করে দিচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়
-
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি দেশের সর্বনাশ করেছে, দেশকে বিক্রি করে দিয়েছে।’ তিনি আজ (বৃহস্পতিবার) গীতাঞ্জলি স্টেডিয়ামে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনার সামনে বিপদ। বিপদ মানে মনে রাখবেন বিজেপির মত পার্টিকে সারা ভারতে কেন সারা পৃথিবীতে লোকে আজকে বুঝতে পারছে কী একটা পার্টি, দেশটাকে সর্বনাশ করে দিয়েছে! দেশটাকে বিক্রি করে দিয়েছে!’
কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে মমতা বলেন, ‘আজকেও গ্যাসের দাম ২৫ টাকা বেড়েছে। পেট্রলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে। কৃষকদের উপরে অত্যাচার চলছে। ৭০ দিন ধরে তারা বেআইনি তিনটি কৃষি বিল প্রত্যাহারের ন্যায্য দাবিতে ধর্না-অবস্থানে বসে আছে। আজকে আমাদের এমপি সৌগত রায়সহ বিরোধীদের অনেকেই গিয়েছিলেন সিঙ্ঘুতে। কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি।’ দিল্লী সংলগ্ন রাজ্যের সিঙ্ঘু, টিকরি ও গাজীপুর সীমান্তে কৃষকরা কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ধর্না-অবস্থানের মধ্যদিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলা নিয়ে যারা কথা বলে, তাদের আমি বলি আগে আয়নায় নিজেদের মুখ দেখো।’ বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের কথা উল্লেখ করে মমতা বলেন, তোমার উত্তর প্রদেশে কী হচ্ছে? তোমার গুজরাটে কী হচ্ছে? বিহারে কী হচ্ছে? অসমে কী হচ্ছে? তোমার মধ্য প্রদেশে কী হচ্ছে? আজকে ত্রিপুরায় বাঙালিদের গিয়ে জিজ্ঞেস করে আসুন। অধিকাংশই বাংলাদেশের নমশূদ্র মানুষ, অধিকাংশই তপশিলি মানুষ, গরীব মানুষ। তারা একসময়ে স্লোগান দিত, সিপিএম আসিয়া ত্রিপুরা দিলো ভাসাইয়া। আর আজকে বলছে বিজেপি আসিয়া, ত্রিপুরা দিলো ভাসাইয়া। একবার সেখানে গিয়ে দেখে আসবেন। ওখানকার অনেক মানুষ ভয়ে এখানে থাকে।’
যারা দাঙ্গা করে তারা বিজেপিতে যায়। বিজেপিকে ওয়াশিং মেশিন, কালো হয়ে ঢুকে সাদা হয়ে বেরোয় বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।