হিমন্তবিশ্ব শর্মার হিন্দু-মুসলিম বিভেদের রাজনীতি অসমের জনগণ বরদাশত করবে না: কংগ্রেস
-
অসমের কংগ্রেস নেতা ও উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ
অসমের বিজেপি নেতা ও প্রভাবশালী মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে বিরোধীদল কংগ্রেস বলেছে, হিমন্তবিশ্ব শর্মার হিন্দু-মুসলিম বিভেদের রাজনীতি অসমের জনগণ বরদাশত করবে না।
গতকাল (বুধবার) অসমের কংগ্রেস নেতা ও উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ আকবরপুরের পানেরঘরে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে বলেন, ‘হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদের যে রাজনীতি করছেন মন্ত্রী, তাঁর সেই সভ্যতাকে রাজ্যের মানুষ মানেন না। এদেশ নেতাজি সুভাষ চন্দ্র বসু, মাওলানা আবুল কালাম আজাদ, চন্দ্রশেখর আজাদের দেশ। স্বাধীনতার যুদ্ধে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের সমান ভূমিকা ছিল। সেই ইতিহাস ভুলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির যে সংস্কৃতি হিমন্তবিশ্ব শর্মা আনতে চাচ্ছেন সেটা রাজ্যবাসী ঠিক বুঝতে পেরেছেন।’
বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, ‘যেভাবে মন্ত্রী হিমন্ত বক্তব্য শুরু করার সময়ে বলেন, ধুতি-লুঙ্গির ভোট চাই না, এবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বুঝিয়ে দেবেন যে সংখ্যালঘু ভোট কতটুকু জরুরি।’
তাঁর দাবি, ‘প্রত্যেক ভোট কেন্দ্রে ৯০ শতাংশের বেশি ভোট কংগ্রেস পাবে। জেলার প্রত্যেক বিধানসভা আসনে ৪০/৪৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন কংগ্রেস প্রার্থীরা। একইসঙ্গে রাজ্যেও কংগ্রেস নেতৃত্বাধীন মিত্রজোটের সরকার হবে।’
সম্প্রতি, অসমের মন্ত্রী ও বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, মিঞা মুসলিমদের নিজেস্ব এজেন্ডা আছে। সেজন্য তারা বিজেপিকে ভোট দেবে না তা নিশ্চিত। মিঞাদের ভোটের প্রয়োজন নেই। তারা বিজেপিকে ভোট দেবেন না। সেজন্য মিঞাদের কাছে বিজেপি ভোট চাইবে না বলেও তিনি মন্তব্য করেছেন।
অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা বলেন, বিজেপি হিন্দু-মুসলিমের রাজনীতি করে অসমকে ধ্বংস করে দিচ্ছে।
কংগ্রেস নেতারা সবাইকে সাবধান করে দিয়ে বলেন, ‘একদিকে নাগরিকত্ব দেওয়া হবে, অন্যদিকে, অসম চুক্তির ৬ নম্বর ধারা রূপায়ণ করে সবাইকে দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রাখা হবে। কেউ রেহাই পাবেন না, ট্রেড লাইসেন্স পাবেন না। চাকরি মিলবে না, জমির অধিকার থাকবে না। সর্বোপরি এনআরসি নবায়নের জন্য ফের কাগজপত্র তৈরি রাখতে হবে সবাইকে। ছুটতে হবে তিনসুকিয়া, হোজাই, নগাঁওসহ রাজ্যের দূরদূরান্তে। অসমে জাতের নামে, ভাষার নামে, সহিংসতা ও দাঙ্গা লেগে থাকবে।’ ভোট যাতে ভাগ হয়ে না যায় সেজন্য সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান কংগ্রেস নেতারা।
অসমে আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে কংগ্রেস ৬ দলীয় মহাজোটের ঘোষণা দিয়েছে। কংগ্রেসের পাশাপাশি ওই জোটে এআইইউডিএফ, সিপিএম, সিপিআই, সিপিআই(এমএল) এবং আঞ্চলিক গণমোর্চা রয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।