মোদি বাবুরা বাংলায় এসে শুধু মিথ্যে কথা বলেন: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i88400-মোদি_বাবুরা_বাংলায়_এসে_শুধু_মিথ্যে_কথা_বলেন_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে বলেছেন, মোদি বাবুরা বাংলায় এসে শুধু মিথ্যে কথা বলেন। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৮, ২০২১ ১৫:২৭ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে বলেছেন, মোদি বাবুরা বাংলায় এসে শুধু মিথ্যে কথা বলেন। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কোলকাতায় এক পদযাত্রা শেষে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে মমতা আজ  বলেন, ‘নারীদের অধিকার রক্ষা করা আমাদের প্রাথমিক দায়িত্ব। নারীদের অসম্মান করা আমরা মানব না।’  

মমতা বন্দ্যোপাধ্যায় নারী দিবসকে সামনে রেখে আজ কেন্দ্রীয় সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও  স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সমালোচনায় সোচ্চার হন। তিনি বলেন, ‘মোদি বাবুরা বার বার আসেন দিল্লী থেকে। দুই নেতা, একজন মোদি বাবু, আরেকজন শাহ বাবু। এরা সিণ্ডিকেটের দুই নেতা। এরা বাংলায় এসে শুধু মিথ্যে কথা বলে। প্রধানমন্ত্রীর চেয়ারকে আমি সম্মান করি। একটা প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে এটা বড় তাজ্জব ব্যাপার! বড় আজব ব্যাপার! সারা পৃথিবীতে কোথাও এমন দেখা যায় না। বাংলায় এলেই বলবে, বাংলার মেয়েরা সুরক্ষিত নয়। বাংলার মেয়েরা সুরক্ষিত না হলে এখানে রাত ১০ টায়, রাত ১২ টায় ঘুরে বেড়ায়, ভোর ৪টায় ঘুরে বেড়ায়, সকালে ঘুরে বেড়ায়, চাকরি করে কাজ করে সব কিছু করে। মোদির সাধের মডেল রাজ্য গুজরাটে গত দু’বছরে দৈনিক ২ টা করে খুন ও ৪ টা করে ধর্ষণ হয়েছে। ধর্ষণের শীর্ষে আমেদাবাদ এবং মোদি বাবুর পেয়ারের রাজ্য উত্তর প্রদেশ।  

তিনি বলেন, ‘আমি পরিষ্কার বলি, বলে কি না বাংলা দখল করবে। আমরা বলি আগে দিল্লী সামলা তারপরে ভাববি বাংলা। যতই করো হামলা, জবাব দেবে বাংলা। নারীরাই বাংলা গড়বে।’

মমতা এদিন স্লোগান দেন, ‘বিজেপিকে চাই না’। সভায় উপস্থিত জনতা ‘চাই না-চাই না’ বলে তাতে গলা মেলান। মমতা এ ভাবে ‘দাঙ্গাবাজদের চাই না’, ‘সিন্ডিকেটদের চাই না’, ‘তোলাবাজদের চাই না’, ‘ভ্রষ্টাচারী চাই না’, ‘নরেন্দ্র মোদি চাই না’, ‘অমিত শাহ চাই না’, ‘বর্গী গুণ্ডা চাই না’ ইত্যাদি বলে স্লোগান দিলে সকলেই ‘চাই না-চাই না’ বলে জবাব দেন।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।