মমতা ইচ্ছে করে নন্দীগ্রামকে অবহেলা করেছেন: শুভেন্দু অধিকারী
-
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, মমতা ইচ্ছে করে নন্দীগ্রামকে হিংসা করেছেন। তিনি আজ (বুধবার) ওই মন্তব্য করেন।
মমতা মন্ত্রীসভার সাবেক সদস্য ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রামের উন্নতি হলে তার কৃতিত্ব আমি পেতাম। সেজন্যই নন্দীগ্রামকে অবহেলা করা হয়েছে। রাজ্যের সাবেক তৃণমূল নেতা ও মন্ত্রী দল ও মন্ত্রিত্ব ছেড়ে সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে মমতার বিরুদ্ধে তিনিই বিজেপির প্রার্থী হয়েছেন। এরফলে রাজ্যে মোট ২৯৪ আসনের মধ্যে ওই কেন্দ্রটিই সবার নজরে রয়েছে।
শুভেন্দু অধিকারী আজ নন্দীগ্রামে কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, আমার মুখে দেখে কোথায় ভোট দেয়, দেখব! বুথে বুথে যাব। ভোট তো করাবই। তাই নন্দীগ্রামের ভোটার হয়েছি। আগের দিন রাতে থাকব। কোথায় মোটর সাইকেল বেরোয় দেখব। মাথায় টিকা কেটে ভোর ৫টার সময় বেরবো। আমাদের নাটক করার দরকার নেই।
শুভেন্দু আজ মমতার নাম না করে বলেন, আমফানের সময়ে উনি নিজের ভাইপোর জায়গায় ঘুরে আসতে পারলেন আর এখানে আসতে পারলেন না! বলে দিলেন, ওটা তো শুভেন্দুর দায়িত্বে।
শুভেন্দু অধিকারী আজ চণ্ডীপাঠ নিয়ে মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেন। গতকাল (মঙ্গলবার) মমতা নন্দীগ্রামে এক সভায় চণ্ডীপাঠ করেন। শুভেন্দুর দাবি, তিনি কিছু জানেন না।
শুভেন্দু অধিকারী বলেন, মাননীয়ার লড়া উচিৎ এবং হারা উচিৎ। ১২ মার্চ সোনাচূড়া সিংহ মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দেবো। থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বাবুল সুপ্রিয়। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজিকে একবার আসতে বলেছি। বলেছি, আপনি আসুন। বক্তৃতা করে যাবেন, আর কিছু লাগবে না। আর আমি তো ঘরের ছেলে।
শুভেন্দু অধিকারী বলেন, আবদুস সামাদ, শেখ সুফিয়ান, আবু তাহেরের জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। আর আপনারা ডায়েরি করতে গেলে, বলে লোক নেই। আর ওই ৩ জনের জন্য ২৭টা পুলিশ! শুভেন্দু অধিকারীর দাবি তিনি হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি করেন না। মমতাকে তিনি ভেজাল হিন্দু বলেও কটাক্ষ করেছেন।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।