আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা : মমতা বন্দ্যোপাধ্যায়
-
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘আগে দিল্লী সামলা তারপরে দেখিস বাংলা।’ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বলরামপুরে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দিল্লিকেই সামলাতে পারছো না, এখন বাংলা দখল করার ধান্দা! বাংলা দখল করা যাবে না। বাংলা দখল করতে কেউ পারেনি আর পারবেও না। বাংলা, বাংলার মতো থাকবে, মাথা উঁচু করে চলবে। সব ধর্মের, বর্ণের, সব রাজ্যের মানুষকে নিয়ে চলবে।’
মমতা বলেন, ‘যদি বহিরাগত গুণ্ডারা লুট করতে আসে তাহলে লুটেরাদের ফেরত দেওয়ার জন্য মা-বোনেরাই যথেষ্ট। ভাত রান্নার সময়ে যেরকম হাতা খুন্তি দিয়ে দেখেন ভাত সিদ্ধ হয়েছে কী না। সেরকম বিজেপিকে দেখলেই বুঝতে পারবেন এরা কোনটা পাঁজি। সুতরাং, পাঁজি হলেই ভাত সিদ্ধ করার মতো দেখে নিতে হবে যে ভাত সিদ্ধ হয়েছে না হয়নি। ভালো করে দেখে নিতে হবে। ওরা হচ্ছে সর্বধর্মের কাঁঠালি কলা। কোনও হোমে নেই, কোনও যজ্ঞে নেই। লোক দেখানো ধর্ম করে। আর সারাদিন গুণ্ডামি করে বেড়ায়। গুণ্ডামি, মস্তানি আর কোটি কোটি টাকা। আগে ওরা খেতে পেত না একটা বিড়ি কিনে তিনবার টানত। আর এখন হাজার হাজার কোটি, লক্ষ কোটি টাকা খরচ করছে।’
মমতা বিজেপিশাসিত উত্তর প্রদেশের কথা উল্লেখ করে বলেন, ‘আজকে উত্তর প্রদেশে মেয়েরা বেরোতে পারে না! দলিতদের উপরে অত্যাচার করা হয়। সেখানে সব শিল্প বন্ধ।’
রাজ্য সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন নির্বাচনে বিজেপিকে রুখে দিতে তৃনমূলকে বিপুলভাবে জয়ী করার আহ্বান জানান।
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।