বিজেপির মতো এতবড় দাঙ্গাবাজ আর নেই: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i89516-বিজেপির_মতো_এতবড়_দাঙ্গাবাজ_আর_নেই_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির মতো এতবড় দাঙ্গাবাজ আর নেই। আপনি শান্তিতে আছেন আগুন জ্বালিয়ে দেবে।’
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০২, ২০২১ ১৩:১৪ Asia/Dhaka
  • কুচবিহারের দিনহাটায় মমতা বন্দ্যোপাধ্যায়
    কুচবিহারের দিনহাটায় মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির মতো এতবড় দাঙ্গাবাজ আর নেই। আপনি শান্তিতে আছেন আগুন জ্বালিয়ে দেবে।’

রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শুক্রবার) কুচবিহার জেলার দিনহাটায় দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। বিজেপিকে টার্গেট করে মমতা বলেন, ‘সংখ্যালঘু ভাই-বোনেদের কাছে আমার একটা অনুরোধ মাথা ঠাণ্ডা করে কাজ করবেন। আর হায়দরাবাদ থেকে একটা বিজেপির গাই এসেছে। তিনি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে। ফুরফুরা শরীফের কেউ নয়, ওদের একটা ‘বাচাল ছেলে’ আছে, সেই ছেলেটাকে টাকা দিয়ে সংখ্যালঘুদের ভোট ভাগ করার চেষ্টা করছে। সংখ্যালঘুদের একটা ভোটও ভাগ করবেন না। তপশিলীরা ভাগ করবেন না, আদিবাসীরা ভাগ করবেন না, সাধারণ মানুষ ভাগ করবেন না। যতই ভয় দেখাক।’

মমতা এভাবে হায়দরাবাদের বিজেপি’র গাই এবং ফুরফুরা শরীফের কেউ নয়, ওদের একটা বাচাল ছেলে বলতে নাম না করে ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এবং ‘আইএসএফ’প্রধান ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকিকে কটাক্ষ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। 

বিজেপি সম্পর্কে মমতা বলেন, ‘ওরা গিয়ে কুরকুর করে বলবে, ওরে ওরা তো মুসলিম, তুই তো হিন্দু, ভোটটা দিবি না। তাহলে মমতা ব্যানার্জি কী হিন্দু না মুসলিম? আমার টাইটেলটা তো আমি ব্রাহ্মণের ঘরে মেয়ে। কিন্তু আমি যদি বলতে পারি, ‘হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান সবাই আমার ভাই-বোন, ওরা কোন হরিদাস?’ 

বিজেপি বিভিন্ন জায়গায় তাণ্ডব চালানো সত্ত্বেও আমি নির্বাচনের জন্য শান্ত আছি, ওদের কাউকে আমি রেহাই দেবো না। আমি লড়াই জানি, লড়াই আমি করে নেবো বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গে ২৭ মার্চ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এরইমধ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। ২৯ এপ্রিল পর্যন্ত মোট ৮ দফায় ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা হবে ২ মে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২