নিত্যপ্রয়োজনীয় জিনিষের আকাশছোঁয়া দাম, ‘আচ্ছে দিন’ আসেনি : অভিষেক বন্দ্যোপাধ্যায়
সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন ‘আচ্ছে দিন’ (সুদিন) আসবে। কিন্তু তার পরিবর্তে নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম আকাশছোঁয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শনিবার) হুগলী জেলার ধনেখালিতে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
অভিষেক বলেন, ‘আজকে দেখুন ‘আচ্ছে দিন’-এর নমুনা। রান্নার গ্যাস কত টাকা মায়েরা? ৪০০ টাকার গ্যাস আজকে ৯০০ টাকা। ভালো লাগছে? সর্ষের তেল ১৬০ টাকা লিটার। পোস্ত ১ হাজার ৬০০ টাকা কেজি। কেরোসিনের দাম কত লিটার পিছু? পেট্রোল ১০০ টাকা ছুঁইছুঁই। ডিজেল ৯০ টাকা লিটার। আলুর দাম কত? পিঁয়াজের দাম কত? দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম আজকে আকাশছোঁয়া হয়েছে। আর মোদি বলছেন ‘আচ্ছে দিন’ আসবে।’
অভিষেক হিন্দুত্ববাদী বিজেপিকে কটাক্ষ করে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘আপনারা কাকে ভোট দেবেন? এই বাংলায় এসে যারা বলে, মা দুর্গার চোদ্দপুরুষকে কেউ চেনে না! এই তো বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন। আপনারা মা দুর্গার অপমান মানবেন? মায়েরা সহ্য করবেন? বলে, বাংলায় মা দুর্গার পুজো হয় না! যারা বাংলার মাটিতে দাঁড়িয়ে মা দুর্গাকে অপমান করছে, আপনারা আগামীদিন তাদের জবাব দেবেন না?’
অভিষেক বিজেপিশাসিত উত্তর প্রদেশে নারী নির্যাতনের বিষয়ে উল্লেখ করে বলেন, ‘যাদের নেতৃত্বে ভারতবর্ষে গণধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা সবথেকে বেশি হচ্ছে সেই যোগী আদিত্যনাথের (উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপির ফায়ারব্রান্ড নেতা) কাছে আমাদের হিন্দুত্বের পাঠ শিখতে হবে? আমরা স্বামী বিবেকানন্দের হিন্দুত্বে বিশ্বাস করি।’
‘আমরা যোগী আদিত্যনাথের হিন্দুত্বে বিশ্বাস করি না। আমরা হিন্দুত্ব শিখলে রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে শিখব’ বলেও তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি মন্তব্য করেন। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।