বাংলা কোনোদিনও তোমাদের হবে না: বিজেপির প্রতি মমতা
https://parstoday.ir/bn/news/india-i89804-বাংলা_কোনোদিনও_তোমাদের_হবে_না_বিজেপির_প্রতি_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘আগে দিল্লী সামলা, তারপরে দেখিস বাংলা। কোনোদিনও বাংলা তোমাদের হবে না।’ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বৃহস্পতিবার) হাওড়া জেলার ডোমজুড়ে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ০৮, ২০২১ ১৪:২৮ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘আগে দিল্লী সামলা, তারপরে দেখিস বাংলা। কোনোদিনও বাংলা তোমাদের হবে না।’ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বৃহস্পতিবার) হাওড়া জেলার ডোমজুড়ে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, দেশবন্ধুর বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা, বীরসা মুন্ডার বাংলা, আম্বেদকরের বাংলা, গান্ধীজির বাংলা। এই বাংলা বিজেপি তোমরা পাবে না।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন,এমন অভিযোগে গতকাল (বুধবার) তাকে শো-কজ নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। গত ৩ এপ্রিল হুগলির তারকেশ্বরে মমতা বিতর্কিত মন্তব্যে বিধি ভেঙেছেন বলে কমিশনের চিঠিতে বলা হয়েছে। নির্বাচন কমিশন এ ব্যাপারে মমতাকে ৪৮ ঘণ্টার মধ্যে নিজের অবস্থার স্পষ্ট করতে বলেছিল। অন্যথায় কমিশন কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে বলেও জানানো হয়।

আজ (বৃহস্পতিবার) অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের  বিরুদ্ধে পাল্টা পক্ষপাতদুষ্ট আচরণ করার অভিযোগ তুলেছেন। আজ হাওড়া জেলার ডোমজুড়ে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে মমতা বলেন,  ‘আমার বিরুদ্ধে অভিযোগ করে লাভ নেই। নরেন্দ্র মোদির বিরুদ্ধে ক’টা অভিযোগ  হয়েছে? তিনি হিন্দু-মুসলিম বিভাজন করেন। যারা নন্দীগ্রামে মুসলিমদের পাকিস্তানি বলেছিলেন,  তাদের বিরুদ্ধে ক’টা অভিযোগ হয়েছে? ওদের লজ্জা করে না!’ আমার বিরুদ্ধে অভিযোগ করে ছাই করবে। ওদের গলায় দড়ি দিয়ে মরা উচিত বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। #      

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।