অমিত শাহ সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করছেন: তৃণমূল এমপি সুখেন্দুশেখর
https://parstoday.ir/bn/news/india-i89962-অমিত_শাহ_সাম্প্রদায়িক_উসকানি_দেওয়ার_চেষ্টা_করছেন_তৃণমূল_এমপি_সুখেন্দুশেখর
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহের সমালোচনা করে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় এমপি বলেছেন, ‘অমিত শাহ জেনে বুঝে মিথ্যাচার করছেন এবং সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করছেন।’  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১২, ২০২১ ০৭:৫১ Asia/Dhaka
  • সুখেন্দুশেখর রায় এমপি
    সুখেন্দুশেখর রায় এমপি

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহের সমালোচনা করে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় এমপি বলেছেন, ‘অমিত শাহ জেনে বুঝে মিথ্যাচার করছেন এবং সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করছেন।’  

পশ্চিমবঙ্গে চতুর্থদফার বিধানসভা নির্বাচন চলাকালীন গত (শনিবার) কুচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার মুসলিম যুবক নিহত এবং দলীয় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরও একজন অমুসলিম নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা অমিত শাহের বক্তব্য প্রসঙ্গে তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় ওই মন্তব্য করেছেন।  

গতকাল (রোববার) অমিত শাহ বলেন, “শীতলকুচিতে চারজনের মৃত্যুতে মমতাজি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) এত শোকপ্রকাশ করছেন, কিন্তু ওইদিন যে আনন্দ বর্মন নামে এক নতুন ভোটারও প্রাণ হারিয়েছেন, সে কথা তো উনি ভুলেই গিয়েছেন। একবিন্দু অশ্রুপাত করেননি তার জন্য। মৃত্যু নিয়েও উনি ‘তোষণের রাজনীতি’ করছেন। মৃত্যুর চেয়েও এটা বেশি দুঃখজনক।”   

প্রসঙ্গত, হিন্দুত্ববাদী বিজেপি’র বরাবরের দাবি, মুসলিমদের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে ‘তোষণের রাজনীতি’ করছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার। তৃণমূল অবশ্য বিজেপির ওই দাবিকে আগেই উড়িয়ে দিয়েছে।      

কুচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিবর্ষণের ঘটনা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় রোববার সন্ধ্যায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে সুখেন্দুশেখর রায় বলেন, “আমাদের প্রশ্ন কোনও সংবাদ মাধ্যমে ওই বিষয়ের ভিডিও ফুটেজ আসল না কেন? সিসিটিভির ফুটেজ নেই কেন? নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে কোনও ভিডিও ফুটেজ দেখানো হল না কেন? সিসিটিভি কী ছিল না? কাজ করতে দেওয়া হয়নি? তাহলে তো সেখানে নিয়মের ব্যতিক্রম হয়েছে। বলা হয়েছিল ড্রোন থাকবে। ড্রোন থেকেও নাকি নজরদারি করা হবে। ড্রোন থেকেও কী নজরদারি করা হয়নি? এই সমস্ত কিছু বিষয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। অমিত শাহ ২৪ ঘণ্টার মধ্যে কোনও প্রতিক্রিয়া দেয়নি। ২৪ ঘণ্টা পরে উনি ‘মিথ্যাচার’ শুরু করেছেন। এখন শাক দিয়ে মাছ ঢাকছেন। মিথ্যে কথা বলছেন! বলছেন যে, মাননীয়া মুখ্যমন্ত্রী নাকি শুধুমাত্র যে চারজন (মুসলিম যুবক) কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারা গেছেন তাদের কথা বলেছেন। বাকি একজন (অমুসলিম) যে হত্যা হয়েছে তার কথা মুখ্যমন্ত্রী না কি উচ্চারণ করেননি! এটি মিথ্যা, মিথ্যা এবং  মিথ্যা। অমিত শাহ জেনে বুঝে এই মিথ্যাচার করছেন। এবং একটা ‘সাম্প্রদায়িক উসকানি’ দেওয়ার চেষ্টা করছেন।”

তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় বলেন, “আপনারা জানেন যে, উত্তরবঙ্গে দু’টি জনসভায় মাননীয়া মুখ্যমন্ত্রী তার বক্তব্য শুরুর আগে প্রথমে ওই পাঁচজনের জন্য নির্মিত শহীদ বেদীতে ফুল দিয়েছেন এবং তার জনসভায় পাঁচজনের নাম করে তিনি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, যে পাঁচজন শহীদ হয়েছেন খুন হয়েছেন, এই পাঁচজনই বাংলার ভাই এবং আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। কিন্তু অমিত শাহ বলছেন চারজনের কথা বলা হয়েছে, একজনের কথা বলা হয়নি! অমিত শাহ বা মোদি ওই পাঁচজনের নাম বলেছেন কী? তাঁরা কেউ পাঁচজনের নাম বলেননি। অর্ধসত্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর! অমিত শাহ সেই অর্ধসত্যের  আশ্রয় নিয়েছেন।”  

এরআগে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ও রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগ করেছিলেন তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় এমপি। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও একই অভিযোগ করলেন সুখেন্দু বাবু।#              

পার্সটুডে/এমএএইচ/এআর/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।