পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে বরখাস্ত করার দাবি জানালো তৃণমূল
https://parstoday.ir/bn/news/india-i94014-পশ্চিমবঙ্গের_রাজ্যপাল_জগদীপ_ধনখড়কে_বরখাস্ত_করার_দাবি_জানালো_তৃণমূল
ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে বরখাস্ত করার দাবি জানিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আজ (বৃহস্পতিবার) তৃণমূল নেতা ও রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় এমপি পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ০১, ২০২১ ১৪:০২ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে বরখাস্ত করার দাবি জানালো তৃণমূল

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে বরখাস্ত করার দাবি জানিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আজ (বৃহস্পতিবার) তৃণমূল নেতা ও রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় এমপি পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত মন্তব্য করেন।

রাজ্যপাল উসকানিমূলক কাজকর্ম করছেন এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ রয়েছে বলে তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়  এমপি মন্তব্য করেন।       

সুখেন্দু শেখর রায়  বলেন, ‘রাজ্যপাল জমি কেলেঙ্কারিতে যুক্ত ছিলেন। সেটি আমাদের দলের এমপি মহুয়া মৈত্র টুইট বার্তা দিয়ে ওনার কাছে পাঠিয়েছিলেন, সে ব্যাপারে রহস্যজনকভাবে রাজ্যপাল মহাশয় নীরব রয়েছেন। উনি একটা আবাসিক প্লট পেয়েছিলেন। কিন্তু পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ওই মামলাতে সেটা বাতিল করে দেয়। ফলে উনি আর তা  পাননি। কিন্তু উনি প্লট পেয়েছিলেন। সেটা বাতিল করে দিয়েছে।’  

সুখেন্দু বাবু বলেন, ‘এই মানুষটি বর্ষার সময়ে উত্তরবঙ্গে যাচ্ছেন। তারআগে বিভিন্ন জায়গায় গেছেন। কোভিড বিধি ভঙ্গ করে কুচবিহারে গেছেন। আরও বিভিন্ন জায়গায় গেছেন। উসকানিমূলক কার্যকলাপ করছেন। আমরা আবারও বলছি, পশ্চিমবাংলার ইতিহাসে হরেন্দ্র মুখোপাধ্যায় থেকে আজ পর্যন্ত যতজন রাজ্যপাল হয়েছেন এরকম রাজ্যপাল বা যার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ রয়েছে, কোথাও জমি কেলেঙ্কারি, কোথাও হাওলা কেলেঙ্কারি, এবং যে হাওলা জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহার হতো তাদের সঙ্গে যোগাযোগ-এই যে একটা ভয়ঙ্কর অভিযোগ এরকম কোনও অভিযুক্ত লোককে রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উচিত ছিল আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নেওয়া। এবং খতিয়ে দেখা উচিত ছিল এজেন্সির মাধ্যমে যে এই লোকটার ব্যাকগ্রাউন্ড কী।’  

তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায়  বলেন, ‘আমরা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে আমরা আবারও দাবি জানাচ্ছি যে এরকম রাজ্যপালকে আমাদের রাজ্যে রাখবেন না। দয়া করে অবিলম্বে ওঁকে বরখাস্ত করুন। নইলে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করব আমরা। এবং সংসদে লোকসভা ও রাজ্যসভায় যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী রাজ্যপালকে নিয়ে যে ধরণের আলোচনার অবকাশ আছে, আমরা সেই সংসদীয় ব্যবস্থাও আমরা গ্রহণ করব।’ 

তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় আজ রাজ্যপাল জগদীপ ধনখড়ের কিছু ছবি ও অভিযোগমূলক তথ্য তুলে ধরে বিষয়গুলো তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছেন। #     

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।